হুথিদের বিরুদ্ধে সৌদির তিনশ’র বেশি বিমান হামলা
- ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২১
ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিদের লক্ষ্য করে গত পাঁচ দিনে ৩০০টির বেশি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব—এমন দাবি করেছে হুথিরা। সৌদি আরব হামলা অব্যাহত রাখলে পরিস্থিতি আরও উত্তপ্ত করার হুমকিও দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি।
সোমবার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হুথিরা দাবি করে, সৌদি বিমানবাহিনী এফ-১৫ ও ইউরোফাইটার টাইফুনসহ বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ব্যবহার করে এসব হামলা চালিয়েছে।
গত দুই সপ্তাহে হুথি ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে দুই পক্ষের মধ্যে আবারও পূর্ণমাত্রার সংঘাত শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
২০১৪ সালে সরকারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। ওই সময় হুথিরা রাজধানী সানাসহ দেশটির বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে।
দীর্ঘ সংঘাতের পর ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরব ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর দীর্ঘ সময় দুই পক্ষের মধ্যে বড় ধরনের হামলা-পাল্টা হামলা হয়নি। তবে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ওই যুদ্ধবিরতি কার্যত অকার্যকর হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি।
সৌদি হামলার জবাবে খামিস মুশাইতের বাদশাহ খালিদ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবিও করেছে হুথিরা। তাদের দাবি, এ হামলায় কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিমানঘাঁটির হ্যাঙ্গার, রাডার ব্যবস্থা, রানওয়ে ও অস্ত্রভাণ্ডারকে লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।