যাদের থেকে দূরে থাকেন শেহনাজ

শেহনাজ

সহ-অভিনেতা তাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগলে কীভাবে পরিস্থিতি সামলান—এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী শাহনাজ গিল। জবাবে তিনি জানিয়েছেন, এমন পরিস্থিতিতে সহ-অভিনেতার সঙ্গে অভিনয়ের বাইরের সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহনাজ বলেন, কোনো সহ-অভিনেতা তাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগলে তিনি তার থেকে দূরত্ব বজায় রাখেন। সে ক্ষেত্রে শুধু পেশাগত সম্পর্কটুকুই রাখেন বলে জানান অভিনেত্রী।

তবে সব সহ-অভিনেতার সঙ্গে তার অভিজ্ঞতা এমন নয়। গিপ্পি গ্রেবালের সঙ্গে ‘সিংহ ভার্সেস কৌর ২’ ছবিতে কাজের অভিজ্ঞতা তুলে ধরে শাহনাজ জানান, তারা দুজনই কাজের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করেছেন। এমনকি ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়েও পরস্পরের সঙ্গে পরামর্শ করেছেন।

শাহনাজের মতে, সহ-অভিনেতাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হলে তার প্রভাব শুধু ব্যক্তিগত সম্পর্কেই সীমাবদ্ধ থাকে না, কাজের পরিবেশেও পড়ে। এমন পরিস্থিতিতে ছবির কাজও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করেন তিনি।

শাহনাজের অভিনয়জীবনের শুরু অবশ্য বড় পর্দায় নয়। ২০১৫ সালে পঞ্জাবি গানের ভিডিওতে কাজ করেন তিনি। ২০১৭ সালে ‘সৎ শ্রী আকাল ইংল্যান্ড’ ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর একাধিক পঞ্জাবি ছবিতে অভিনয় করেন।

তবে ২০১৯ সালে ‘বিগ বস ১৩’-এ অংশ নেওয়ার পর সারা দেশে পরিচিতি পান শাহনাজ। এরপর ২০২৩ সালে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় তার।