এটা আমার রোজগারের মূল উৎস নয়: মোনালি

মোনালি

মোনালি ঠাকুর ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী। ‘মোহ মোহ কে ধাগে’ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় গান।

গত বছর মোনালির বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। সে সময় গায়িকার একটি আবেগঘন সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে দাম্পত্য জীবনে মানসিক ও শারীরিক হেনস্থার ইঙ্গিত পাওয়া যায়। যদিও এরপর ব্যক্তিজীবন নিয়ে প্রকাশ্যে আর বিস্তারিত কিছু বলেননি তিনি। বরং নেতিবাচকতা পেছনে ফেলে নিজের মতো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

এরই মধ্যে পশু ও মানুষের তুলনা টেনে একটি মন্তব্য করেছেন মোনালি। তার এই বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মানুষের আচরণ ও মানসিকতার প্রসঙ্গেই পশুর সঙ্গে মানুষের তুলনা করেছেন তিনি বলে জানা গেছে।

মোনালি বললেন, আমি এখন মানুষকে বিশ্বাস করতে পারি না। তাদের তুলনায় পশুদের বিশ্বাস করা আমার কাছে অনেক সহজ। আমি আমার খারাপ সময়ে সেই পশুদের থেকে, প্রকৃতি থেকে যে ভালোবাসা পেয়েছিলাম তার জোরেই হয়তো নিজেকে সামলে নিয়ে টিকে আছি।

তিনি আরও বলেন, সেই একই জিনিস বারবার বহু বছর ধরে হয়ে আসছে। কোনো নতুনত্ব নেই। তাই আমার এখন রিয়ালিটি শো একদম ভালো লাগে না।

তার নিজস্ব পোশাক ব্র্যান্ড রয়েছে। ‘ঠাকুরাইন’ কালেকশন ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। শাড়ির প্রতি ভালোবাসা থেকেই এমন উদ্যোগ নেন তিনি। 

গায়িকার কথায়, ‘আমাদের ভারতীয় সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। বহু গুণী শিল্পীরা শাড়িতে নকশা ফুটিয়ে তোলেন। সেগুলোই বিশ্বের দরবারে পৌঁছে দিতে চেয়েছি।’

মোনালি আরও বলেন, আমি নতুন ব্যবসা শুরু করেছি আমার শখে, আমার ভালোবাসায়। এটা আমার রোজগারের মূল উৎস নয়। আমি বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি ভারতীয় জিনিসের কদর কতখানি। সেই মতো কদর কিন্তু আমাদের দেশে দেওয়া হয় না।

ব্যক্তিগত জীবনে সম্পর্কের টানাপড়েনে বারবার শিরোনামে এসেছেন মোনালি। কিন্তু সেই নেতিবাচকতা সরিয়ে ভালো থাকাতেই বিশ্বাসী তিনি।