ভারত-পাকিস্তান যুদ্ধজাহাজের সংঘর্ষ

ভারত-পাকিস্তান

আরব সাগরের উত্তরাঞ্চলে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষ হয়েছে। তবে এতে কোনো জাহাজের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ হতাহতও হয়নি।

মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমায় রুটিন নজরদারি মিশনে ছিল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজটি। এ সময় বিপরীত দিক থেকে আসা পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।

ভারতীয় নৌবাহিনীর একটি সূত্রের দাবি, পাকিস্তানি জাহাজটি অস্বাভাবিক দ্রুত গতিতে এবং অসতর্কভাবে এগিয়ে আসায় এ সংঘর্ষ ঘটে।

ঘটনার পর বুধবার পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স সা’দ আহমেদ ওয়ারিশকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সামরিক ইউনিটগুলোকে যথাযথ সতর্কতা অবলম্বন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সংশ্লিষ্ট চুক্তির শর্ত মেনে চলার বিষয়ে পাকিস্তানকে সতর্ক করা হয়েছে।

এ ছাড়া ভারতের বার্তাটি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ার জন্য সা’দ আহমেদ ওয়ারিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একই বিষয়ে প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: এনডিটিভি