নারীদের যা বললেন সাফা
- ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৬
সাফা কবিরের শোবিজে পথচলা এক যুগেরও বেশি সময়ের। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বর্তমানে অবশ্য বেছে বেছে কাজ করছেন এই অভিনেত্রী।
নারী হিসেবে কর্মজীবনে সাফল্যের স্বীকৃতি হিসেবে এবার ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ পেয়েছেন সাফা কবির। এই সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী। পুরস্কার পাওয়ার আনন্দের পাশাপাশি অন্য নারীদেরও নিজ নিজ কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ফেসবুকে দেওয়া এক বার্তায় সাফা লেখেন, ‘প্রতিটি নারীকে আজ শুধু একটা কথাই বলতে চাই- তুমি যথেষ্ট। তুমি নিজেই সম্পূর্ণ। নিজের শক্তিকে চিনে নাও, নিজের জায়গা তৈরি করো, আর নিজের পৃথিবীটা জয় করো।’
এর আগে পুরস্কারের জন্য সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাফা। লেখেন, ‘প্রতিটি স্বীকৃতিই আমার কাছে বিশেষ, কারণ এগুলো আমাকে আরও পরিশ্রম করতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।’
সাফা কবিরকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে। ওই উৎসবে তার অভিনীত একাধিক নাটক এসেছিল। জনপ্রিয়তা আর প্রশংসাও পেয়েছিল নাটকগুলো। এরপর কিছুদিন আগে ঘুরে এসেছেন আমেরিকা। দেশে ফিরলেও নতুন কোনো কাজ করছেন কিনা, তা জানা যায়নি। হয়তো নীরবেই নিজেকে গুছিয়ে নিচ্ছেন, ভক্তদের জন্য নতুন কোনো চমক নিয়ে হাজির হবেন বলে।