ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু কবে?

ফ্লাইট

আগামী বছর থেকে ঢাকা-নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। বৈঠকে দুই দেশের বিমান চলাচলে সহযোগিতা, উড়োজাহাজ ক্রয়, বিনিয়োগ ও পর্যটন নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, দুই দেশের ক্রমবর্ধমান বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশির যাতায়াতের সুবিধা বিবেচনায় ঢাকা থেকে নিউইয়র্কের জন এফ. কেনেডি (জেএফকে) বিমানবন্দর পর্যন্ত সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ রুটে সরাসরি ফ্লাইট চালুর ক্ষেত্রে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

তবে যুক্তরাষ্ট্রে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ‘ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি অ্যাসেসমেন্ট’ (আইএএসএ) ক্যাটাগরি-১ মর্যাদা অর্জন জরুরি বলে জানান মন্ত্রী।

তিনি আরও জানান, এরই মধ্যে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার জন্য চুক্তি সই হয়েছে।