পূর্ণিমার পোস্ট ভাইরাল
- ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৮
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক হয় জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয়ের সময় তিনি পড়তেন নবম শ্রেণিতে।
প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন পূর্ণিমা। পরবর্তী সময়ে একের পর এক সিনেমায় অভিনয় করে ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে আলাদা পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী।
‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন পূর্ণিমা। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব তিনি। নিয়মিত নিজের ছবি ও জীবনের বিভিন্ন মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করে নিজের উত্থান-পতন ও ভেতরের আলো নিয়ে একটি তাৎপর্যপূর্ণ পোস্ট দিয়েছেন পূর্ণিমা। সেই ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলোকে কখনোই তোমার বয়ে চলা আলোর চেয়ে বেশি উজ্জ্বল হতে দিও না।’
পূর্ণিমার এ পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। তার এ কথায় উঠে এসেছে জীবনের কঠিন সময়েও ইতিবাচকতা ধরে রাখার বার্তা। পরিস্থিতি যতই প্রতিকূল হোক, নিজের ভেতরের আলোকে যেন কোনোভাবেই ম্লান হতে দেওয়া না হয়, সে বার্তাই তুলে ধরেছেন তার ভক্ত-অনুরাগীদের মাঝে। অভিনেত্রীর এমন উপলব্ধির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তার ভক্ত-অনুসারীরাও।
পূর্ণিমার সেই পোস্টটির মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতি জানিয়েছেন তারা। একজন নেটিজেন লিখেছেন, ‘ঝড় আসবেই; কিন্তু নিজের ভেতরের আলোটা যেন কখনো নিভে না যায়- এটাই জীবনের আসল শক্তি।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘ঠিক বলেছেন, জীবনে যা কিছু হোক থেমে থাকা যাবে না।’