দীঘিকে নিয়ে যা বললেন জয়
- ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭
চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে গত বুধবার বিএফডিসিতে অনুষ্ঠিত হয়েছে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’। অনুষ্ঠানটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ও তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থকে ঘিরে একটি মুহূর্ত দেখা যায়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।
ভিডিওতে দেখা যায়, লাল শাড়ি পরা দীঘি ফ্যাশন ডিজাইনার গৌতমের সহায়তায় তথ্যমন্ত্রীর কাছে গিয়ে ছবি তোলার জন্য দাঁড়ান। এ সময় মন্ত্রী সৌজন্য বজায় রেখে হাসিমুখে জানান, তার আরেকটি কাজ রয়েছে। এরপর কুশল বিনিময় করে তিনি দ্রুত সেখান থেকে চলে যান। পুরো ঘটনায় দীঘির মুখেও কিছুটা বিব্রতভাব দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে নানা আলোচনা শুরু হয়।
এ বিষয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে পর্যবেক্ষণ তুলে ধরেন শাহরিয়ার নাজিম জয়। তিনি লেখেন, অনেক মানুষ যেখানে দীঘির সঙ্গে ছবি তোলার জন্য আগ্রহী থাকেন, সেখানে তথ্যমন্ত্রীর মধ্যে ছবি তোলার বিষয়ে কোনো অতিরিক্ত উৎসাহ দেখা যায়নি।
জয়ের এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ভিডিওতে দেখা ওই ঘটনাকে ঘিরে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এর বাইরে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি থেকে দুটি স্পষ্ট বার্তা পাওয়ার কথা উল্লেখ করে জয় জানান, প্রথমত—৫ই আগস্ট পরবর্তী সময়ে সরকারের কয়েকজন শীর্ষ মন্ত্রী ও উপদেষ্টার চলচ্চিত্রে উপস্থিতি পুরো ইন্ডাস্ট্রির জন্য এক সুবার্তা। দ্বিতীয়ত—অকারণে কাজের বাইরে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তুলে ভবিষ্যতে যেন শিল্পীদের বিপদে পড়তে না হয়, মন্ত্রী সে বিষয়ে পরোক্ষ সহযোগিতা করেছেন।
জয় লেখেন, ‘মন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তুলে ভবিষ্যতে বিপদে না পড়ার জন্য শিল্পীকে সহযোগিতা করলেন। শিল্পীদের বোঝা উচিত কাজের বাইরে অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ। পূর্বের দিনগুলোতে আমাদের সকলের অভিজ্ঞতা খুবই ভয়াবহ। কাজটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আর আমাদের ইন্ডাস্ট্রি স্বয়ংসম্পূর্ণ হলে এবং আমরা যার যার প্রতিভা বিকাশে সফল হলে মন্ত্রীরা নিজেরাই এসে আমাদের সাথে ছবি তুলবেন।’
এর পাশাপাশি, বর্তমান প্রেক্ষাপটে সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে চলচ্চিত্র অঙ্গনের গুণীজনদের একত্র করে এমন সফল আয়োজন করার জন্য চলচ্চিত্র পরিচালক সমিতিকে অভিনন্দন জানান জয়। একই সঙ্গে মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরকে চলচ্চিত্রের প্রধানতম অভিভাবক ও নেপথ্যের নায়ক হিসেবে আখ্যা দিয়ে তার অবদানের প্রশংসাও করেন তিনি।