‘পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ’- গণমাধ্যমের নামে ভুয়া সংবাদ
- ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৪
দীর্ঘদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ভুয়া ও গুজবের বন্যা বয়ে যাচ্ছে। এবার ‘আসিফ মাহমুদ আমাকে নক করেছিলেন, তখন তিনি উপদেষ্টা ছিলেন, এবং আমাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে চেয়েছিলেন, আমি বিষয়টিকে গুরুত্ব দেইনি’—এমন শিরোনামে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট সংস্করণে প্রকাশিত একটি সংবাদের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দাবি করা হয়েছে, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে এমন মন্তব্য করেছেন।
তবে অনুসন্ধানে দেখা গেছে, পরীমনি প্রকাশ্যে এমন কোনো মন্তব্য করেননি। তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে অনুসন্ধান করেও এমন কোনো সংবাদ বা তথ্যের সন্ধান পাওয়া যায়নি।
প্রচারিত ছবিতে দাবি করা হয়েছে, সংবাদটি বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদকের করা। এতে লেখা হয়েছে, পরীমনি জানিয়েছেন—আসিফ মাহমুদ উপদেষ্টা থাকাকালে তাকে মোবাইলে ‘নক’ করেছিলেন এবং তাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে চেয়েছিলেন। তবে অনুসন্ধানে এমন বক্তব্যের কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি।
পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদটির ছবিটি একাধিক এআই ডিটেকশন টুলের মাধ্যমে যাচাই করা হয়। এতে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।
ফলে বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট সংস্করণে পরীমনি ও আসিফ মাহমুদকে নিয়ে এমন সংবাদ প্রকাশিত হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিটির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। প্রচারিত সংবাদপত্রের ছবিটিও এআই-নির্মিত বলে যাচাইয়ে উঠে এসেছে।
ফ্যাক্টচেক: ‘পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ’—বাংলাদেশ প্রতিদিনের নামে প্রচারিত সংবাদপত্রের ছবিটি ভুয়া ও এআই-নির্মিত।