রাজধানীতে বিস্ফোরণ
- ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৭
রাজধানীর মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মালিবাগ রেলগেট-সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে এ বিস্ফোরণ ঘটে।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, জুমার নামাজের পরপরই ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়া হয়। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। ফ্লাইওয়ের প্রবেশমুখের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করা হচ্ছে।
এর আগে, গত মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। রায় ঘোষণার কয়েক ঘণ্টা পর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও পরপর তিনটি ককেটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।