ইন্দোনেশিয়ার নৌবহরে রণতরী
- ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৪
প্রথমবারের মতো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ নিজেদের নৌবহরে যুক্ত করেছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। ইতালি থেকে পাওয়া ৪১ বছর পুরোনো ‘জিউসেপ্পে গারিভালদি’ নামের রণতরীটি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উত্তর জাকার্তার তানজুং প্রিয়ক বন্দরে পৌঁছায়। এ উপলক্ষে সামরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সপ্তম থেকে ত্রয়োদশ শতাব্দীর প্রভাবশালী সামুদ্রিক রাজ্য শ্রীবিজয়ার নামে জাহাজটির নতুন নাম দেওয়া হয়েছে ‘কেআরআই শ্রীবিজয়া’। ১৮০ মিটার দীর্ঘ রণতরীটিতে সর্বোচ্চ ১৮টি হেলিকপ্টার এবং প্রায় ৮৩০ জন সদস্য অবস্থান করতে পারবেন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জানান, দেশটির বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ কার্যক্রমে জাহাজটি মূলত ব্যবহার করা হবে।
নৌবাহিনী প্রধান মুহাম্মদ আলি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা জাহাজটির প্রধান ভূমিকা হলেও প্রয়োজন হলে যুদ্ধকালীন অভিযানেও এটি মোতায়েন করা যাবে। ১৯৮৫ সালে ইতালীয় নৌবাহিনীতে যুক্ত হওয়া জাহাজটি ২০১৪ সালে অবসরে যায়। বর্তমানে এর অবস্থা ভালো এবং ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে আগামী ১৫ থেকে ২০ বছর এটি সচল রাখার আশা করা হচ্ছে।
চলতি বছর সামরিক সক্ষমতা আধুনিকায়নে গুরুত্ব দিয়েছে প্রাবোও সরকার। গত মার্চে স্বাক্ষরিত চুক্তির আওতায় ইতালি থেকে বিমানবাহী রণতরীটি পাওয়ার পাশাপাশি সম্প্রতি ফ্রান্সের কাছ থেকে ৪২টি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ইন্দোনেশিয়া। এ ছাড়া ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাও জোরদার করেছে দেশটি।