এবার অপ্রিতম- একের পর এক খুন, দায় কার?
- ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৮
দেশের একের পর এক খুন, ধর্ষণ ও অজ্ঞাত লাশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছরের ছেলে অপ্রতিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি সে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের বাঁশঝাড়সংলগ্ন একটি ঝোপে অপ্রতিমের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক দিনমজুর ও তার ভাতিজা। পরে তারা বিষয়টি মামুন নামে স্থানীয় এক ব্যক্তিকে জানান। অপ্রতিম নিখোঁজের খবর জানার পর স্থানীয়রা পরিবারকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
অপ্রতিম কুমিল্লা কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ড. নাহিদা বেগম ও ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।
মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। মৃত্যুর কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে অপ্রিতমের মৃত্যুর ঘটনায় সামাজিকমাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। দেশে খুন-ধর্ষণ সহজ করে দিয়েছে সরকার-এমন মন্তব্য করছেন নেটিজেনরা। এসব হত্যার বিচার তো দূরের কথা, খুন করার দুই মাসের মাথায় জামিনে বেরিয়ে এসে আবারও হত্যা করছে বলে কঠোর সমালোচনা করছেন নেটিজেনরা। এসব হত্যাকাণ্ডের দায় কার-প্রশ্ন দেশবাসীর।