পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ, শোকজ

শোকজ

২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই দিতে ছাপা ও বাঁধাইয়ের কাজ চলছে পুরোদমে। তবে বই ছাপায় নির্ধারিত মানের চেয়ে নিম্নমানের কাগজ ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাথমিকের বই ছাপার মান যাচাইয়ের দায়িত্বে থাকা ইনফিনিটি সার্ভে অ্যান্ড ইন্সপেকশন বিডিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা প্রতিনিধিদের উপস্থিতিতেই নিম্নমানের কাগজে বই ছাপার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া মান যাচাইয়ের ক্ষেত্রে দায়িত্ব পালনে শিথিলতারও অভিযোগ উঠেছে।

ইনফিনিটি সার্ভে অ্যান্ড ইন্সপেকশন বিডি প্রাথমিক পর্যায়ের প্রায় ৯ কোটি পাঠ্যবইয়ের কাগজ, বাঁধাই, কাটিংসহ সার্বিক মান যাচাইয়ের দায়িত্বে রয়েছে। আর মাধ্যমিক ও ইবতেদায়ি স্তরের বইয়ের মান যাচাইয়ের দায়িত্ব পেয়েছে ইনডিপেনডেন্ট ইন্সপেকশন সার্ভিসেস বিডি।

সম্প্রতি এনসিটিবির সচিব শাহ মুহাম্মদ আল ফেরদৌসের সই করা শোকজ নোটিশে ইনফিনিটি সার্ভে অ্যান্ড ইন্সপেকশন বিডিকে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, গত ৩০ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি প্রতিনিধিদল ঢাকার আমুলিয়ায় সরকার প্রেস পরিদর্শনে যায়। সেখানে প্রাক-প্রাথমিকের বই ছাপার পাশাপাশি একই প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণির নিষিদ্ধ নোট ও গাইড ছাপানোর কাজ চলতে দেখা যায়। এ সময় পেপার রোলের স্তূপে নিউজপ্রিন্টসহ বিভিন্ন মানের কাগজও এলোমেলোভাবে রাখা ছিল।

পরিদর্শনকালে প্রাক-প্রাথমিকের বই ছাপায় নির্ধারিত স্পেসিফিকেশনের চেয়ে নিম্নমানের কাগজ ব্যবহারের প্রমাণ পাওয়ার কথা নোটিশে বলা হয়েছে। দৈবচয়ন ভিত্তিতে ছাপানো ফর্মা পরীক্ষা করে কাগজের জিএসএম ৭২, ৭৬, ৭৭, ৭৯, ৮১ ও ৮২ পাওয়া যায়। ইনফিনিটি কর্তৃক প্রত্যায়িত অব্যবহৃত নতুন কাগজের রোল পরীক্ষা করেও জিএসএমের মানে তারতম্য পাওয়া গেছে।

নোটিশে আরও বলা হয়, ইনফিনিটির পিডিআই প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত থাকলেও দায়িত্ব পালনে তার শিথিলতা পরিলক্ষিত হয়েছে। এ অবস্থায় দায়িত্বে অবহেলা ও চুক্তির শর্তভঙ্গের দায়ে কার্যাদেশ বাতিলসহ দরপত্র দলিল ও সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর)-২০২৫ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না কেন, তা তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইনফিনিটি সার্ভে অ্যান্ড ইন্সপেকশন বিডির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সিরাজীম মুনির। তিনি বলেন, তিনি কোনো শোকজের চিঠি পাননি। হয়তো প্রতিষ্ঠানের অন্য কেউ চিঠি পেয়েছেন এবং জবাব দিয়েছেন। সরকার প্রেসের ঘটনা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় চিঠি দেওয়ার আগেই তিনি বিষয়টি জানিয়ে এনসিটিবির এক সদস্যকে চিঠি দিয়েছিলেন বলেও দাবি করেন।

এনসিটিবির সচিব শাহ মুহাম্মদ আল ফেরদৌসসহ আরও দুজন কর্মকর্তা ইনফিনিটি সার্ভে অ্যান্ড ইন্সপেকশন বিডিকে শোকজ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।