জানা গেল পরীমনির প্রথম ক্রাশের নাম
- ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৪
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। নিজের ভালোবাসা ও অনুভূতির কথা ভক্ত-অনুরাগীদের সঙ্গে প্রায়ই ভাগ করে নেন তিনি। তাই তার জীবনের ‘প্রথম প্রেম’ বা প্রিয় ক্রাশ কে ছিলেন, তা নিয়ে অনুরাগীদের আগ্রহও কম নয়।
কয়েক বছর আগে অবশ্য নিজের ‘প্রথম প্রেম’ ও ক্রাশ নিয়ে মুখ খুলেছিলেন পরীমনি। সে সময় তার দেওয়া বক্তব্য ঘিরে নেটদুনিয়ায়ও তৈরি হয়েছিল বেশ আলোচনা।
এবার সেই প্রথম পছন্দের মানুষের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন পরীমনি। শুক্রবার ফেসবুক পেজে ভারতের জনপ্রিয় অভিনেতা, কেডি পাঠক খ্যাত রনিত রায়ের একটি ভিডিও শেয়ার করেছেন নায়িকা। সেই ভিডিওতে রনিত রায়কে গভীর মগ্নে বাঁশি বাজাতে দেখা যায়। শুধু তাই নয়, অভিনেতা ভিডিও প্রকাশ করে লেখেন, ‘যাদের ছাড়া আপনি বাঁচতে পারবেন না, তাদেরকেই আপনি তৈরি করছেন আপনাকে ছাড়া বাঁচতে শেখার জন্য।’
পছন্দের অভিনেতার একদিকে বাঁশির সুর, সঙ্গে এমন জীবনমুখী আবেগঘন ক্যাপশন যে পরীর মনে ধরেছে, তা বলাই বাহুল্য। তাই হয়তো ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার করে ক্যাপশনে রনিত রায়ের নাম লিখে পাশে একটি লাল ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন পরীমনি।
একাধিক প্রেম ও বিয়ের কারণে পরীমনিকে নিয়ে আলোচনা-সমালোচনার অন্ত নেই। এক সাক্ষাৎকারে জীবনের ‘প্রথম সবকিছু’ নিয়ে কথা বলেছিলেন। এ সময় পরীর কাছে তার প্রথম ক্রাশ, প্রথম প্রেম, প্রথম আয়, প্রথম ছবি মুক্তি পাওয়ার অনুভূতিসহ নানান কিছু জিজ্ঞাসা করা হয়।
প্রথম ক্রাশ কে, জবাবে পরী বলেছিলেন, ‘ক্রাশ! রনিত রায়।’ অর্থাৎ, ‘আদালত’ সিরিজের ‘কেডি পাঠক’ হিসেবে পরিচিত সেই অভিনেতার নামটাই বলেছিলেন তিনি।
উল্লেখ্য, পর্দায় নিয়মিত কাজের পাশাপাশি নেটদুনিয়ায় নিজের ভালোলাগার মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন পরীমনি। সেই ধারা এখনও বজায় রেখেছেন তিনি।