ভ্রমণের আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

ভ্রমণ

ভ্রমণপিপাসু বাঙালি সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন নতুন কোনো গন্তব্যের উদ্দেশে। তবে শুধু গন্তব্য ও থাকার জায়গা ঠিক করলেই ভ্রমণের প্রস্তুতি শেষ হয় না। পুরো যাত্রা আনন্দদায়ক, স্বস্তিদায়ক ও নিরাপদ করতে প্রয়োজন আগাম পরিকল্পনা এবং কিছু বিষয়ে বাড়তি সতর্কতা।

ভ্রমণে বের হওয়ার আগে কোন বিষয়গুলো মাথায় রাখা জরুরি, চলুন জেনে নেওয়া যাক।

‘যদি লাগে’ ভেবে বাড়তি জিনিস নয়

ভ্রমণের সময় অনেকেই ‘যদি লাগে’ ভেবে প্রয়োজনের চেয়ে বেশি পোশাক, জুতা ও অন্যান্য সামগ্রী সঙ্গে নেন। এতে লাগেজ ভারী হয়ে যায়, ফলে দীর্ঘ যাত্রায় চলাফেরা থেকে শুরু করে বাস, ট্রেন কিংবা বিমানবন্দরে নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়।

তাই প্রয়োজন অনুযায়ী সামগ্রী বাছাই করে হালকা লাগেজে ভ্রমণ করাই স্বস্তিদায়ক। এতে চলাফেরা যেমন সহজ হয়, তেমনি যাত্রার সময়ও কম ঝামেলা পোহাতে হয়।

কম গন্তব্য, বেশি উপভোগ

একদিনে চার-পাঁচটি স্থান ঘুরে দেখার পরিকল্পনা অনেক সময় ভ্রমণকে আনন্দের বদলে ক্লান্তিকর করে তুলতে পারে। নির্দিষ্ট সময়ের মধ্যে একের পর এক জায়গা ঘুরতে গিয়ে কোনো গন্তব্যের পরিবেশ ও সৌন্দর্য উপভোগের সুযোগ কমে যায়।

তাই ভ্রমণসূচিতে কিছুটা সময়ের ফাঁক রাখা ভালো। একটি শহর বা এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান বেছে নিয়ে পর্যাপ্ত সময় নিয়ে ঘুরলে ভ্রমণের অভিজ্ঞতাও হয় বেশি উপভোগ্য।

আবহাওয়া ও জরুরি নথির প্রস্তুতি

ভ্রমণের আগে গন্তব্যের আবহাওয়ার পূর্বাভাস জেনে নেওয়া জরুরি। হঠাৎ বৃষ্টি বা অতিরিক্ত গরমের প্রস্তুতি না থাকলে পুরো যাত্রাতেই ভোগান্তি তৈরি হতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী পোশাক, ছাতা বা অন্যান্য সামগ্রী সঙ্গে রাখা উচিত।

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্ট, ভিসাসহ প্রয়োজনীয় নথি সঙ্গে রাখার পাশাপাশি সেগুলোর ডিজিটাল ও কাগজের কপিও সংরক্ষণ করা ভালো। গুরুত্বপূর্ণ নথি হারিয়ে গেলে এসব অতিরিক্ত কপি প্রয়োজনের সময় কাজে আসতে পারে।

খাবার ও বিশ্রামে সতর্কতা

নতুন জায়গায় গিয়ে স্থানীয় খাবারের স্বাদ নেওয়া ভ্রমণের অন্যতম আকর্ষণ। তবে খাবারের মান ও পরিচ্ছন্নতার বিষয়টি অবশ্যই গুরুত্ব দিতে হবে। অপরিচ্ছন্ন পরিবেশের খাবার খেলে অসুস্থ হয়ে পুরো ভ্রমণই মাটি হতে পারে।

একইভাবে পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে দীর্ঘ সময় সফর করা বা একটানা গাড়ি চালানোও ঝুঁকিপূর্ণ। তাই ভ্রমণসূচিতে পর্যাপ্ত বিশ্রামের সময় রাখা এবং শরীরের প্রয়োজন অনুযায়ী বিরতি নেওয়া জরুরি।

প্রযুক্তির পাশাপাশি রাখুন বিকল্প ব্যবস্থা

বর্তমানে ভ্রমণে মোবাইল ফোন, অনলাইন ম্যাপ ও বিভিন্ন অ্যাপ গুরুত্বপূর্ণ সহায়ক। তবে প্রত্যন্ত বা পাহাড়ি এলাকায় নেটওয়ার্ক না থাকা কিংবা ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

এ কারণে সঙ্গে পাওয়ার ব্যাংক রাখা এবং প্রয়োজনীয় ম্যাপ আগে থেকেই অফলাইনে ডাউনলোড করে রাখা ভালো। গন্তব্যের গুরুত্বপূর্ণ ঠিকানা, যোগাযোগের নম্বর ও প্রয়োজনীয় তথ্যের বিকল্প কপিও সংরক্ষণ করা যেতে পারে।

স্থানীয় আইন ও সামাজিক রীতিনীতি মেনে চলুন

ভ্রমণের সময় গন্তব্যের স্থানীয় সামাজিক ও আইনি নিয়ম সম্পর্কে সচেতন থাকা জরুরি। বিশেষ করে বিদেশ ভ্রমণে স্থানীয় সংস্কৃতি ও পোশাকসংক্রান্ত বিধিনিষেধ সম্পর্কে আগে থেকে জেনে নেওয়া উচিত।

এ ছাড়া অননুমোদিত এলাকায় প্রবেশ, ড্রোন ওড়ানো কিংবা ছবি তোলার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। কোথাও ছবি তোলা বা ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলে তা অবশ্যই মেনে চলতে হবে।

সামান্য আগাম প্রস্তুতি ও সতর্কতা ভ্রমণের অনাকাঙ্ক্ষিত ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে পারে। ফলে পরিকল্পিতভাবে গন্তব্য বেছে নেওয়া, প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখা এবং স্থানীয় নিয়ম মেনে চলাই হতে পারে স্বস্তিদায়ক ও নিরাপদ ভ্রমণের অন্যতম চাবিকাঠি।