এবার বাড়লো লঞ্চভাড়া, কিলোমিটারে কত?
- ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫১
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসের ভাড়া বৃদ্ধির একদিনের মাথায় এবার বাড়ানো হয়েছে যাত্রীবাহী লঞ্চের ভাড়া। প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নৌযান পরিচালনা ও ব্যবস্থাপনা ব্যয়সহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে মালিকপক্ষ ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিল। তবে যাত্রীদের কথা বিবেচনা করে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।
তিনি জানান, লঞ্চের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
শেখ রবিউল আলম বলেন, ভাড়া বাড়ানো সরকারের কাম্য নয়। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে ভাড়া সমন্বয়ের প্রয়োজন হয়েছে। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখেই সর্বনিম্ন পর্যায়ে ভাড়া বাড়ানোর চেষ্টা করা হয়েছে। ভাড়া বৃদ্ধির নামে কোনো ধরনের নৈরাজ্য বা তেলের দাম বাড়ার সুযোগ নিয়ে স্বেচ্ছাচারিতার সুযোগ দেওয়া হবে না।
এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন নৌযান মালিকরা। তারা নৌপরিবহণ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে প্রথম ১০০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারে ২ টাকা ৯৫ পয়সার পরিবর্তে ৪ টাকা ৪৫ পয়সা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ২ টাকা ৫২ পয়সার পরিবর্তে ৪ টাকা ২ পয়সা নির্ধারণের দাবি জানিয়েছিলেন। অর্থাৎ তারা দূরত্বভেদে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন।
এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে দূরপাল্লা ও মহানগর এলাকায় বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারি হিসাবে বাসের ভাড়া ২০ পয়সা বাড়ানোর কথা থাকলেও জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কমিয়ে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে।
গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হলে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল। সর্বশেষ ভাড়া বৃদ্ধির আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া ছিল প্রতি কিলোমিটার ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা।