আমি কাউকে একদমই রাত দুইটায়...: সাদিয়া
- ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭
ক্যালেন্ডারের তারিখ বদলে গেছে, ঘড়ির কাঁটাও পেরিয়েছে রাত ২টা। এমন সময় হঠাৎ ফেসবুকে হাজির অভিনেত্রী সাদিয়া আয়মান। তবে তার এই মধ্যরাতের পোস্ট নিয়ে উদ্বেগের কিছু নেই। পুরনো কিছু ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করতেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি।
মঙ্গলবার দিবাগত রাত ২টা ৬ মিনিটে (বুধবার) তিনটি ছবি পোস্ট করেন সাদিয়া আয়মান। ছবিগুলোতে মেকআপহীন সাদামাটা সাজে দেখা গেছে অভিনেত্রীকে। এর মধ্যে দুটি ছবিতে ছিল তার সেলফি। হাতে দেখা গেছে ফুলের তোড়া, যা দেখে ধারণা করা যায়, উপহার হিসেবেই ফুলগুলো পেয়েছেন তিনি।
অন্য একটি ছবিতে ফুলের তোড়ার পাশে বসে থাকতে দেখা গেছে সাদিয়ার প্রিয় বিড়ালকে। সব মিলিয়ে মধ্যরাতের পোস্টে অভিনেত্রীর একেবারে সাদামাটা ও ব্যক্তিগত মুহূর্তই ধরা পড়েছে।
কিন্তু এমন মধ্যরাতে ফুলের সঙ্গে ছবি দেয়ার হেতু কী? সেটার কারণও জানালেন অভিনেত্রী। সাদিয়া তার পোস্টের ক্যাপশনে লেখেন, ‘আমি কাউকে একদমই রাত দুইটায় পোস্ট করার কথা বলছি না। কিন্তু এই আমার এই মেকআপহীন চেহারার সেলফিগুলো পোস্ট না করে থাকতে পারলাম না। কারণ এগুলো গত সাত মাস ধরে পড়ে আছে।’
বোঝা গেল, সাত মাস আগে তিনি ফুলের তোড়াটি উপহার পেয়েছিলেন। তখনই তুলেছিলেন এই সেলফি। কিন্তু কোনো কারণে তা আর পোস্ট দেওয়া হয়নি। সেজন্য মাঝরাতে উন্মুক্ত করলেন ফেসবুকে।
মেকআপহীন সাদিয়াকে দেখে তার অনুসারীরাও খুশি। কেউ লিখেছেন, ‘ভুবন ভুলানো হাসি’; কেউ লিখেছেন, ‘সাত মাস দেরি হলেও কিছু ছবি অপেক্ষা করার মতোই হয়। একদম ন্যাচরাল লুকেও দারুণ লাগছে’; আরেক ভক্তের মতে, ‘রাতের আকাশের তারা’। অবশ্য বরাবরের মতোই কোনো মন্তব্যের প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী।
সাদিয়া আয়মানকে সর্বশেষ দেখা গেছে নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘বিষণ্ন মেঘ’ নাটকে। নির্মাতার ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে নির্মিত বিশেষ এই নাটকে সাদিয়ার সঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। এতে আরও রয়েছেন জাকিয়া বারী মম, ডলি জহুর, মিলি বাশারসহ অনেকে।
গত ১৯ সেপ্টেম্বর লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় নাটকটি। প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে ‘বিষণ্ন মেঘ’। এরই মধ্যে নাটকটির ভিউ ৩২ লাখ ছাড়িয়ে গেছে।