আসছে ১১ বোয়িং উড়োজাহাজ

বোয়িং

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে আরও ১১টি আধুনিক বোয়িং উড়োজাহাজ। এ লক্ষ্যে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে একটি সম্পূরক চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন এবং বোয়িংয়ের কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ। এ ছাড়া আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের আন্ডার সেক্রেটারি উইলিয়াম কিমিট, বোয়িং গ্লোবালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসন, বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফানি পোপ এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুরসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি সম্পর্কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান রুমী এ হোসেন বলেন, নতুন সম্পূরক চুক্তি বিমানের বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট নেটওয়ার্ক সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিমানের বহর পরিকল্পনার প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েই নতুন উড়োজাহাজ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বোয়িংয়ের সঙ্গে বিমানের দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। উড়োজাহাজ সরবরাহের পাশাপাশি পরবর্তী সহায়তা ও ব্যবস্থাপনার ক্ষেত্রেও এই সম্পর্ক প্রতিষ্ঠানটির ওপর আস্থা তৈরি করেছে।

বিমান চেয়ারম্যান আরও বলেন, দেশের জনগণ, প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ও পর্যটকদের আন্তর্জাতিক যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা পূরণে বিমানের নেটওয়ার্ক ও সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আগামী বছরগুলোতে বাংলাদেশের আন্তর্জাতিক আকাশ যোগাযোগ আরও শক্তিশালী করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে নতুন এই চুক্তি করা হয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ১১টি উড়োজাহাজ যুক্ত হলে বহর আধুনিকায়নের পাশাপাশি পরিচালন সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বিদ্যমান বোয়িং উড়োজাহাজগুলোর সঙ্গে বহরের সামঞ্জস্য বজায় রাখতেও নতুন উড়োজাহাজগুলো ভূমিকা রাখবে।

জাতীয় পতাকাবাহী এয়ারলাইন হিসেবে আন্তর্জাতিক যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং দীর্ঘমেয়াদে জাতীয় বিমান পরিবহন সক্ষমতা জোরদারে আধুনিক, দক্ষ ও বাণিজ্যিকভাবে টেকসই বহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিমানের।

এ লক্ষ্যে জাতীয় অগ্রাধিকার, প্রচলিত আইন ও বিধিবিধান এবং বৈশ্বিক বিমান পরিবহন খাতের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে বিমানের বহর ও রুট নেটওয়ার্কের প্রয়োজনীয়তা নিয়মিত পর্যালোচনা করা হবে।