জাতিসংঘের বাইরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ বহু গ্রেপ্তার
- ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫২
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যোগ দেওয়ার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভে অংশ নিয়ে আটক হয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডন ও ‘হ্যাকস’খ্যাত অভিনেত্রী হান্নাহ আইনবাইন্ডার। তাঁদের সঙ্গে শতাধিক বিক্ষোভকারীও আটক হন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সদর দপ্তরের কাছে ফার্স্ট অ্যাভিনিউয়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ‘জিউয়িশ ভয়েস ফর পিস’-এর আয়োজনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে অংশ নেন কয়েক শ মানুষ। বিক্ষোভকারীরা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ এবং গাজায় যুদ্ধের অবসানের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারীদের অনেকের পরনে ছিল ‘ফান্ড পিপল, নট বম্বস’ লেখা টি-শার্ট। তাঁদের হাতে ছিল ‘স্টপ আর্মিং ইসরায়েল’ ও ‘ফ্রি প্যালেস্টাইন’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড।
আয়োজক সংগঠন জিউয়িশ ভয়েস ফর পিস জানিয়েছে, বিক্ষোভ থেকে ১০৪ জনকে আটক করা হয়েছে। তবে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) আটকের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করেনি। পুলিশের ভাষ্য, বিক্ষোভকারীরা একটি সড়কের মোড় অবরোধ করে রাখায় তাঁদের সরে যেতে সতর্ক করা হয়েছিল। পরে যারা সরে যাননি, তাদের আটক করা হয়।
সুসান সারান্ডন ও হান্নাহ আইনবাইন্ডার ছাড়াও বিক্ষোভে উপস্থিত ছিলেন ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’খ্যাত অভিনেত্রী সিনথিয়া নিক্সন, অভিনেতা এলিয়ট পেজ, কৌতুকশিল্পী ক্যালেব হিয়ারন, লেখক গ্লেনন ডয়েল এবং সংগীতশিল্পী লুসি ডাকাস ও জুলিয়েন বেকারসহ বিনোদন অঙ্গনের আরও কয়েকজন পরিচিত মুখ।
আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হান্নাহ আইনবাইন্ডার বলেন, তাঁর ও অন্যদের আটকের ছবি যেন বিক্ষোভে অংশ নেওয়া তারকাদের নিয়ে আলোচনায় সীমাবদ্ধ না থাকে; বরং ফিলিস্তিন ও গাজার পরিস্থিতির দিকে মানুষের দৃষ্টি আকৃষ্ট করে।
নেতানিয়াহুর জাতিসংঘে ভাষণের সময়ও বাইরে বিক্ষোভ চলতে থাকে। একই সময়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকক্ষে তাঁর বক্তব্য শুরুর পর বিভিন্ন দেশের বেশ কিছু প্রতিনিধি কক্ষ ত্যাগ করেন।
সুসান সারান্ডন দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়ে আসছেন। অন্যদিকে হান্নাহ আইনবাইন্ডারও গাজা ও ফিলিস্তিন ইস্যুতে তাঁর অবস্থান প্রকাশ্যে জানিয়েছেন। এবারের বিক্ষোভে তাঁদের আটক হওয়ার ঘটনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে।