রাতারাতি গুঁড়িয়ে দিলো আস্ত হাসপাতাল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
- ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৬
রাজধানীর মিরপুরের ১ নম্বর সেকশনে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের কার্যালয় রাতের আঁধারে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। এ সময় কার্যালয়ের বিভিন্ন সামগ্রী ও টিকাদানের সরঞ্জাম লুট করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে শাহ আলী থানা-পুলিশ।
পুলিশ জানায়, মামলায় মিরপুরের বিএনপি নেতা হানিফ মিয়াকে নামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, চুরি, হুমকি এবং দেড় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় এক ব্যবসায়ী জানান, রাড্ডার প্রায় ১০ কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। তাঁর দাবি, স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়ার নেতৃত্বে জমি দখলের উদ্দেশ্যে স্থাপনাটিতে হামলা চালানো হয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন হানিফ মিয়া। তিনি বলেন, ‘আমি এ ঘটনায় জড়িতই নই। আমি জানিই না সেখানে কী হয়েছে। আমার নাম মামলায় কে দিয়েছে?’ বিষয়টি জানতে তিনি থানায় খোঁজ নেবেন বলেও জানান।
এদিকে দাতব্য চিকিৎসাকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পেছনে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ইন্ধন ও নেতৃত্ব ছিল বলেও অভিযোগ উঠেছে।
রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার অভিযোগ করেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত ২৫০ জনের বেশি লোক রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালান। তাঁরা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ভাঙচুর ও লুটপাট করেন। পরে ভারী যন্ত্রপাতি এনে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়।
হামলাকারীরা জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লি.’ লেখা একটি সাইনবোর্ডও লাগিয়ে দিয়ে যায় বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।
এক বিজ্ঞপ্তিতে নাসরিন আখতার এ ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।
তিনি বলেন, মিরপুর ১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রায় ৫০ বছর ধরে দরিদ্র ও অসহায় মা-শিশুদের বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতিসেবা এবং পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে।
নাসরিন আখতারের দাবি, ঘটনাটি সাধারণ কোনো ডাকাতি বা হামলা নয়; পরিকল্পিতভাবে স্থাপনাটিতে হামলা চালানো হয়েছে। এতে দেড় কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে এবং প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় হানিফ মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।