‘ইসরায়েলের মতো হাসপাতাল গুঁড়িয়ে দিয়ে জমি দখল শুরু করেছে বিএনপি’
- ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৫
রাজধানীর মিরপুর-১ এলাকায় শিশুদের টিকাদান ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’-এ রাতের আঁধারে ২০০-২৫০ জন মিলে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ ঘটনাকে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের নির্মমতার সঙ্গে তুলনা করেছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ইসরায়েলি জায়নবাদীরা যেভাবে ফিলিস্তিনি শিশুদের হাসপাতালগুলো ধ্বংস করে জমি দখল করত, বিএনপির সংরক্ষিত আসনের এমপির গুন্ডারাও সেভাবে রাতের আঁধারে শিশুদের টিকাকেন্দ্র গুঁড়িয়ে দিয়ে জমি দখল শুরু করেছে।
এর আগে, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে মুখোশধারী প্রায় ২৫০ জন ব্যক্তি কেন্দ্রটিতে হামলা চালায়। এ সময় নিরাপত্তাকর্মীদের জিম্মি করে কেন্দ্রটি তছনছ ও লুটপাট করা হয়। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। তাদের অভিযোগ, কেন্দ্রটির জায়গা দখলের উদ্দেশ্যে স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়া এ ঘটনা ঘটিয়েছেন।
এ ঘটনায় হানিফ মিয়াসহ অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করে শাহ আলী থানায় মামলা করেছেন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার।