চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান
- ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৬
রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রোপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
হামলার পর রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের একটি ভিডিও প্রকাশ করে ঘটনার কথা জানান সালমান মুক্তাদির।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। তাঁর পোস্টে তিনি ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানান। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সাদিয়া আয়মান। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন— সালমান মুক্তাদিরের স্টুডিতে যা ঘটেছে, তা সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক এবং মেনে নেওয়ার মতো নয়।
তিনি বলেন, সালমানের মতো একজন মানুষ এমন আচরণের মোটেও প্রাপ্য নন। এত অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে যে, ওরা ভালো কিছু জীবনে দেখেনি, আর দেখলেও সেটি হজম করতে পারে না। কী লজ্জাজনক! কী দুঃখজনক!
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ পোস্ট ঘিরে প্রতিক্রিয়া এসেছে ১২ হাজারেরও অধিক। আর মন্তব্য এসেছে এক হাজারের বেশি। মন্তব্যের ঘরে অনেকেই যেমন ঘটনার নিন্দা জানিয়েছেন, অনেকে আবার সাদিয়ার পোস্ট ও সালমান মুক্তাদিরকে নিয়ে সমালোচনাও করেছেন। ঠিক তেমনি এসব মন্তব্যের জবাবও দিয়েছেন অভিনেত্রী।
সাদিয়া আয়মান বলেন, ‘কী পরিমাণে ফ্রাস্ট্রেটেড মানুষগুলো যে কমেন্ট করছে! আহারে! ঠিক যাদের উদ্দেশ্য করে পোস্টটি করা সেই অশিক্ষিতগুলোই চাঁদাবাজদের হয়ে কমেন্টে ফ্রাস্ট্রেশন ঝাড়ছে! আহারে! প্রত্যেকটা কমেন্ট আজীবন থেকে যাবে ডকুমেন্টেড হয়ে।’
অভিনেত্রী বলেন, ‘তোদের বাবা, মা সন্তানরা দেখবে যে, তুই কত বড় নোংরা মানুষ। আজীবনের জন্য স্বাক্ষর রেখে গেলি। আহারে!’