দেশে প্রধানমন্ত্রী
- ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৬
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২১ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইউএনজিএর সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার পাশাপাশি ধারাবাহিক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক শেষে প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাতে নিউইয়র্ক ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের দেওয়া তথ্য অনুযায়ী, নিউইয়র্কে চার কর্মদিবসে প্রধানমন্ত্রী ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১টি ছিল বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। এ ছাড়া ইউএনজিএ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও ব্যক্তির সঙ্গে আরও কয়েকটি বৈঠকে অংশ নেন তিনি।
বৈঠকগুলোতে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির মতো বিষয় গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের পাশাপাশি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল ২৪ সেপ্টেম্বর ইউএনজিএর সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ। সেখানে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
এ ছাড়া ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে জেপিমরগ্যান চেজ আয়োজিত একটি বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, বিনিয়োগ ও ব্যবসায়িক অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সফরকালে আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে চারটি অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।
এসব কর্মসূচির মধ্যে ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের ‘প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’, ‘ফার্স্ট স্পাউসেস ডায়ালগ’ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ে একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান।
প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান এবং ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় নিউইয়র্ক ত্যাগ করেন। পরে দুবাইয়ে প্রায় ছয় ঘণ্টা যাত্রাবিরতির পর ঢাকার উদ্দেশে রওনা হন।