বিয়ের তাগিদ অনুভব করি না: অভিনেত্রী
- ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮
মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি এবং অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে রাইমা সেন। পারিবারিক অভিনয় ঐতিহ্যকে ধারণ করে দীর্ঘদিন ধরে ভারতীয় চলচ্চিত্রে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।
৪৭ পেরিয়েও বিয়ে করেননি রাইমা। তবে বয়সের এই পর্যায়ে এসে বিয়ে নিয়ে আগের মতো কোনো আগ্রহও অনুভব করেন না বলে জানিয়েছেন তিনি।
কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন রাইমা। সেখানে বিয়ে ও নিজের বর্তমান ভাবনা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী।
হলিউড তারকা টম ক্রুজকে ভীষণ পছন্দ করেন রাইমা। তাই মজা করে তাকে প্রশ্ন করা হয়, তবে কি টমকে পেলেন না বলেই একা রয়ে গেলেন? জবাবে রাইমা বলেন, ‘আমার বোনও এটা নিয়ে মজা করে। কলকাতায় তেমন কেউ নেই। আর আমি শহরের বাইরে খুব একটা যাই না। সত্যি কথা বলতে কী, এই বয়সে এসে বিয়ে করার তাগিদটাও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়।’
মেয়ের বিয়ে না করা নিয়ে আপনার মায়ের চিন্তা হয় না? রাইমার জবাব, ‘আগে করতেন। এখন দেশ-দুনিয়ার অবস্থা দেখে উল্টো বিয়ে করতে বারণ করেন। বলেন, জোর করে কিছু কোরো না। পরে কখনও একাকিত্বে ভুগলে অনেকগুলো পোষ্য দত্তক নিও।’
তাহলে আপনি মা হতে চান? জবাবে অভিনেত্রী বলেন, ‘আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। ভয় লাগে, কী জানি সবটা ম্যানেজ করতে পারব কিনা। তবে মনের কথা তো বলা যায় না। আজ মনে হচ্ছে না, কাল ইচ্ছে হতেই পারে। সেই সব সাত-পাঁচ ভেবে আমি অনেক আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করিয়ে রেখেছি। তবে একটা বিষয় আমার কাছে ভীষণ পরিষ্কার, শুধু মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন।’
রাইমাকে সামনে দেখা যাবে ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’ সিনেমায়। জয়দীপ মুখোপাধ্যায়ের এই সিনেমা মুক্তি পাবে ১৫ অক্টোবর। এর নাম ভূমিকায় আছেন অনির্বাণ চক্রবর্তী।