টানা ৫ দিন ছুটি

ছুটি

চলতি বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পেতে যাচ্ছেন। পূজার নির্ধারিত দুই দিনের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই ছুটি হবে। এর মধ্যে একটি কর্মদিবস ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে।

এর পরদিন ২২ অক্টোবর (বৃহস্পতিবার) কর্মদিবস। তবে এদিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে পরবর্তী দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ২২ অক্টোবর ছুটি ঘোষণার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব আসন্ন মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

তবে ২২ অক্টোবরের ছুটির সমন্বয় হিসেবে পরবর্তী সময়ে একটি শনিবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হতে পারে। এই শর্ত যুক্ত করেই প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হচ্ছে বলে ওই কর্মকর্তা জানান।

সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হলে দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে।