ত্বক ও চুলের গোপন রহস্য জানালেন তৃপ্তি দিমরি

তৃপ্তি

বলিউড তারকাদের রূপচর্চা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। অনেকেই মনে করেন, নিখুঁত ত্বকের জন্য অভিনেত্রীরা নিয়মিত দামি প্রসাধনী কিংবা নানা ধরনের স্কিন ট্রিটমেন্টের সাহায্য নেন। তবে এ ধারণার বাইরে গিয়ে নিজের রূপচর্চার রহস্য জানিয়েছেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি।

তৃপ্তির দাবি, ত্বকের যত্নে তিনি অতিরিক্ত কিছু করেন না। বরং ছোটবেলা থেকে মা ও ঠাকুরমার কাছ থেকে শেখা ঘরোয়া পদ্ধতির ওপরই বেশি ভরসা রাখেন। বিভিন্ন প্রসাধনীর বদলে সহজ-সরল রূপচর্চাই তার পছন্দ। এ ক্ষেত্রে ‘লেস ইজ মোর’ নীতিতে বিশ্বাসী এই অভিনেত্রী।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তৃপ্তি জানান, ত্বকের যত্নে তিনি কাঁচা হলুদ, টকদই ও বেসন দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করেন। তার মতে, বেসন ত্বকের অতিরিক্ত তেল ও ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। টকদই ত্বক এক্সফোলিয়েট করতে সহায়তা করে, আর কাঁচা হলুদ ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে ভূমিকা রাখে। এই ফেসপ্যাক ট্যান কমাতেও সহায়ক বলে জানান তিনি।

তবে তৃপ্তির কাছে শুধু বাহ্যিক পরিচর্যাই গুরুত্বপূর্ণ নয়। ত্বক ও চুলের যত্নের পাশাপাশি জীবনযাপনের বিষয়েও সচেতন তিনি। পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাবারের বিষয়ে কোনো আপস করেন না ‘লায়লা মজনু’খ্যাত এই অভিনেত্রী।

তৃপ্তি বলেন, শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও নিজের জন্য অন্তত ১০ মিনিট সময় বের করে নেন। ওই সময়টুকু ফোন থেকে দূরে থাকেন। তার মতে, জীবনযাপন ঠিক থাকলে ত্বকও ভেতর থেকে ভালো থাকে।

চুলের যত্নেও প্রাকৃতিক উপাদানের ওপরই ভরসা তৃপ্তির। ছোটবেলা থেকেই রিঠা, শিকাকাই ও আমলকী ব্যবহার করে আসছেন তিনি। তার মতে, রিঠা চুল ও মাথার ত্বক পরিষ্কার রাখতে সহায়তা করে। আর শিকাকাই ও আমলকী চুলের যত্নে উপকারী।

সব মিলিয়ে দামি প্রসাধনী কিংবা জটিল রূপচর্চার বদলে সহজ ও প্রাকৃতিক পদ্ধতিতেই নিজের ত্বক ও চুলের যত্ন নিতে পছন্দ করেন তৃপ্তি দিমরি।