দীঘির কুফা কী?
- ০১ অক্টোবর ২০২৬, ১৭:৫২
শিশুশিল্পী হিসেবে দর্শকের নজর কেড়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। তবে নায়িকা হিসেবে অভিষেকের পর বড় পর্দায় সেই সাফল্য ধরে রাখতে পারেননি তিনি। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে না এই অভিনেত্রীকে।
প্রায় দুই বছর ধরে বড় পর্দায় কেন্দ্রীয় চরিত্রে নেই দীঘি। ২০২৪ সালের নভেম্বরে মুক্তি পাওয়া রেজাউর রহমানের সিনেমা ‘৩৬-২৪-৩৬’ দর্শকদের মধ্যে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। এরপর গত বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় অভিনয় করলেও সেখানে তার চরিত্রের ব্যাপ্তি ছিল তুলনামূলক কম।
দীঘিকে ঘিরে দর্শকের প্রত্যাশা ছিল ‘বিদায়’ সিনেমা নিয়ে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু ও ফারুক আহমেদ।
তবে একাধিকবার মুক্তির উদ্যোগ নেওয়া হলেও এখনো আলোর মুখ দেখেনি সিনেমাটি। গত বছরের দুর্গাপূজায় মুক্তির কথা থাকলেও কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। পরে চলতি বছরের কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনা করা হলেও সেটিও বাস্তবায়িত হয়নি।
সেপ্টেম্বরের শুরুতে ফের গুঞ্জন ওঠে, আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাবে ‘বিদায়’। তবে প্রযোজক শাহরিন সুলতানা সুমি জানিয়েছেন, এবারও সিনেমাটি মুক্তি পাচ্ছে না। সিনেমাটির একটি গানের চিত্রায়ন এখনো বাকি রয়েছে। গানটির শুটিং বিদেশে করার পরিকল্পনা রয়েছে তাদের। সব কাজ শেষ হলে আগামী বছর কোনো একসময় সিনেমাটি মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন প্রযোজক। তবে নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
‘বিদায়’ ছাড়া নতুন কোনো সিনেমাতেও আপাতত দেখা যাচ্ছে না দীঘিকে। চলতি বছরের শুরুতে একটি ওয়েব সিনেমায় অভিনয় করলেও সেটি নিয়েও পরে আর তেমন কোনো খবর পাওয়া যায়নি।
বর্তমানে বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। শিশুশিল্পী হিসেবে দীর্ঘদিনের পরিচিতি ও সাফল্যের পর নায়িকা হিসেবে তার ক্যারিয়ারের বর্তমান অবস্থান নিয়ে তাই ভক্তদের মধ্যে আগ্রহ রয়েছে। বড় পর্দায় নতুন কাজ নিয়ে কবে ফিরবেন দীঘি, সেটিই এখন দেখার বিষয়।