৬ বগি বিচ্ছিন্ন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
- ০২ অক্টোবর ২০২৬, ১৭:৫২
মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় হুক ছিঁড়ে ছয়টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়েছে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেসের। পরে ইঞ্জিনসহ সামনের অংশ নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে যায়। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিকেল ৫টা পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে পড়া ছয়টি বগি বনের ভেতরে পড়ে ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন।
জানা গেছে, পাহাড়িকা এক্সপ্রেসের মাঝামাঝি অংশে হুক ছিঁড়ে যাওয়ায় পেছনের ছয়টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ইঞ্জিনসহ সামনের অংশ নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছায়।
স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন বলেন, লাউয়াছড়া বনে পড়ে থাকা ছয়টি বগি উদ্ধারে বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। অল্প সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।