নতুন অধ্যায় মিথিলার

মিথিলা

জনপ্রিয় অভিনয়শিল্পী রাফিয়াত রশিদ মিথিলা এবার পেশাগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘ দুই দশক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে কাজ করার পর চাকরি ছেড়ে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন তিনি। পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতাও শুরু করেছেন এই অভিনেত্রী ও উন্নয়নকর্মী।

নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক দীর্ঘ পোস্টে নতুন কর্মজীবনের খবরটি জানিয়েছেন মিথিলা। তিনি জানান, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ শুরু করেছেন। সেখানে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেবেন তিনি।

মিথিলা জানান, প্রকল্পটির মূল কাজ প্রারম্ভিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা ও কমিউনিটি স্বাস্থ্য নিয়ে। জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে তাদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পরিবেশের সঙ্গে যুক্ত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

নিজের দীর্ঘ আন্তর্জাতিক উন্নয়নকর্মের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় মানুষের চাহিদার সঙ্গে গবেষণার লক্ষ্যগুলোর সমন্বয় ঘটাতে চান মিথিলা। পাশাপাশি তথ্য ও প্রমাণভিত্তিক গবেষণার মাধ্যমে প্রকল্পটির কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।

নতুন কর্মজীবনের পাশাপাশি শিক্ষকতাতেও যুক্ত হয়েছেন মিথিলা। তিনি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে ‘অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে দায়িত্ব নিয়েছেন। সেখানে ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ে পড়াবেন তিনি। এর মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব জগতের অলাভজনক প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়ার কাজ করবেন।

নতুন এই যাত্রার কথা জানিয়ে সাবেক কর্মস্থল ব্র্যাকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিথিলা। তিনি বলেন, পেশাগত জীবনের এই পর্যায়ে পৌঁছাতে ব্র্যাকের কাছে তিনি মনেপ্রাণে কৃতজ্ঞ। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা অবকাঠামো ও গবেষকদের সঙ্গে কাজের সুযোগ তাঁর কর্ম-অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, বিনোদন জগতের বাইরে মিথিলার কর্মজীবনের বড় একটি অংশ কেটেছে ব্র্যাকের সঙ্গে। প্রায় দুই দশকের এই অভিজ্ঞতার মধ্যে ১৫ বছর তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজ করেছেন। এবার সেই বৈশ্বিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত হলেন তিনি।

বর্তমানে পেশাগত নতুন এই অধ্যায় নিয়েই ব্যস্ত সময় পার করছেন মিথিলা। ক্যামেরার কাজ থেকেও আপাতত কিছুটা দূরে রয়েছেন তিনি।