নায়িকার কাছে যা শিখছেন সৃজিত
- ০৩ অক্টোবর ২০২৬, ১৮:২৮
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পথের দাবী’ প্রকাশের শতবর্ষ উপলক্ষে নির্মিত হয়েছে সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। সৃজিত মুখার্জি পরিচালিত ঐতিহাসিক প্রেক্ষাপটের এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার পরিচিত মুখ দিব্যাণী মণ্ডলের। আর এই নবাগতা অভিনেত্রীর কাছ থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নানা কৌশল শিখছেন খ্যাতিমান নির্মাতা সৃজিত।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা জানান পরিচালক। তিনি বলেন, প্রজন্মের ব্যবধান থাকলেও নতুনদের কাছ থেকে শেখার আগ্রহ তাঁর সব সময়ই রয়েছে। বিশেষ করে দিব্যাণীর কাছ থেকে ইনস্টাগ্রাম ব্যবহারের বিভিন্ন বিষয় শিখছেন তিনি।
সৃজিতের ভাষায়, ইনস্টাগ্রামে কীভাবে রিলস তৈরি করতে হয়, কীভাবে প্রোফাইলের গ্রিড সাজাতে হয়—এসব বিষয়ে দিব্যাণীর কাছ থেকে ধারণা নিচ্ছেন তিনি। নতুন প্রজন্ম সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বেশ দক্ষ বলেও মন্তব্য করেন এই নির্মাতা।
তরুণদের চিন্তাভাবনা নিয়েও কথা বলেন সৃজিত। তাঁর মতে, নতুন প্রজন্ম ফেসবুককে অনেকটাই পুরোনো প্রজন্মের মাধ্যম হিসেবে দেখে। সমাজ, রাজনীতি, সম্পর্ক ও সংগীতের মতো বিষয় নিয়ে তরুণদের দৃষ্টিভঙ্গি তাঁকে নতুন করে ভাবতে শেখায়।
এ প্রসঙ্গে সৃজিত বলেন, দিব্যাণী ও আরেক তরুণ শিল্পী ঋকের সঙ্গে এসব বিষয় নিয়ে তাঁর আলোচনা হয়। তাঁর মতে, এক প্রজন্মের কাছ থেকে অন্য প্রজন্মের অনেক কিছু শেখার রয়েছে।
বড় পর্দায় অভিষেক নিয়ে উচ্ছ্বসিত দিব্যাণী
সৃজিত মুখার্জির মতো প্রতিষ্ঠিত পরিচালকের সিনেমায় কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দিব্যাণী মণ্ডল। ‘ফুলকি’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর জন্য এটি বড় পর্দায় প্রথম কাজ। তবে শুরুতে শুটিং নিয়ে তাঁর মনে কিছুটা ভয়ও ছিল।
সাক্ষাৎকারে দিব্যাণী জানান, ভুল করলে পরিচালকের বকুনি খেতে হতে পারে—এমন আশঙ্কা থেকে তিনি ও সহশিল্পী ঋক শুটিংয়ে যাওয়ার আগে নিজেদের সংলাপ ভালোভাবে মুখস্থ করে নিতেন। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে সৃজিত নিজেই তা বুঝিয়ে দিতেন।
আগামী ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তির পর দর্শকের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় রয়েছেন বলেও জানান দিব্যাণী।
কেন দিব্যাণীকে বেছে নিলেন সৃজিত?
সিনেমায় ভারতী চরিত্রের জন্য দিব্যাণীকে বেছে নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন পরিচালক। তাঁর মতে, ভারতী চরিত্রের মধ্যে রয়েছে একধরনের অন্তর্নিহিত সারল্য। উপন্যাসে সব্যসাচীর সশস্ত্র বিপ্লবের পথ নিয়ে ভারতীর মনে নানা প্রশ্ন তৈরি হয়। চরিত্রটির এই নিষ্পাপ দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলতে এমন একজন নতুন মুখ প্রয়োজন ছিল, যাঁকে দর্শক আগে থেকে কোনো নির্দিষ্ট চরিত্রে দেখে অভ্যস্ত নন।
নন্দী মুভিজের ব্যানারে প্রদীপ কুমার নন্দীর প্রযোজনায় নির্মিত ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সিনেমাটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। সব্যসাচী মল্লিকের ভূমিকায় রয়েছেন আবীর চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে দেখা যাবে সঞ্জয় নাগকে।