শেয়ারবাজারে অস্বাভাবিক দাম, ডিএসইর সতর্কতা
- ০৬ অক্টোবর ২০২৬, ১৭:০৭
শেয়ারবাজারে তালিকাভুক্ত সায়হাম টেক্সটাইলের শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ায় বিনিয়োগকারীদের সতর্ক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
ডিএসই সূত্রে জানা গেছে, সায়হাম টেক্সটাইলের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে ৪ অক্টোবর কোম্পানিটির কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চায় ডিএসই। জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সেপ্টেম্বর মাসে সায়হাম টেক্সটাইলের শেয়ারদর ছিল ২৮ টাকা ৭০ পয়সা। আর ৪ অক্টোবর লেনদেন শেষে শেয়ারটির দর দাঁড়ায় ৪৪ টাকা ১০ পয়সা।
অর্থাৎ মাত্র ১৮ কর্মদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৫ টাকা ৪০ পয়সা। শতাংশের হিসাবে এ সময়ে দর বেড়েছে প্রায় ৫৩ দশমিক ৬৬ শতাংশ।
তবে শেয়ারদর এমন অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে। এ পরিস্থিতিতে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে ডিএসই।