কোয়েলকে নিয়ে শ্রীলেখার কটাক্ষ, কিন্তু কেন?

কোয়েল

ভারতের অভিনেত্রী ও সাবেক তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সদস্য কোয়েল মল্লিক এবার ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। সোমবার (৫ অক্টোবর) কলকাতায় বিজেপির রাজ্য দপ্তরে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি। এর এক দিন আগে পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনে তাকে প্রার্থী ঘোষণা করে বিজেপি।

বিজেপিতে যোগ দেওয়ার পর কোয়েল বলেন, গত কয়েক মাসে পশ্চিমবঙ্গে উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। রাজ্যের উন্নয়নে অবদান রাখার লক্ষ্যেই তিনি রাজনীতিতে এসেছেন বলেও জানান। কোনো দলকে ছোট না করে কাজ করতে চান বলেও মন্তব্য করেন তিনি।

কোয়েল মল্লিক এর আগে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। চলতি বছরের ৬ এপ্রিল তিনি শপথ নেন। তবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর ১৬ জুলাই রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকেই তার বিজেপিতে যোগদানের জল্পনা চলছিল।

এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দেওয়ার পাশাপাশি আগের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনের উপনির্বাচনে দলটির প্রার্থী হয়েছেন কোয়েল। ১৬ অক্টোবর এই উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে দলবদলের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে তৃণমূলের সঙ্গে তার আগের রাজনৈতিক অবস্থান এবং বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন অনেকে।

তবে কোয়েল মল্লিকের কথায় এত সহজে যে চিঁড়ে ভেজার না হয়, তা বোঝা যাবে সামাজিক মাধ্যমে চোখ রাখলেই। বরং ক্রমাগত তৃণমূল হিসেবে পরিচিতরা বিজেপিতে বা বিজেপির শরিক দল হিসেবে চিহ্নিত ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া’-তে যোগ দেওয়ায় কমলা দলের সমর্থকদের মধ্যেই বাড়ছে ক্ষোভ।

আপাতত সামাজিক মাধ্যমে কটাক্ষের নিশানায় অভিনেত্রী কোয়েল মল্লিক। রঞ্জিতকন্যা বরাবরই নিজের ক্লিন ইমেজের কারণে জনপ্রিয় ছিলেন। তবে তাল কাটে যখন ২০২৬ বিধানসভা ভোটের আগে যোগ দেন তৃণমূলে কংগ্রেসে। তৃণমূলের টিকিটে রাজ্যসভার সংসদ হিসেবে নির্বাচিতও হন।

সেই সময় তিনি ও রঞ্জিত মল্লিক রীতিমতো পঞ্চমুখ ছিলেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের প্রশংসায়। কিন্তু কোয়েলের সঙ্গে ঘাসফুল দলের ব্রেকআপ হয় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের শোচনীয় হারের পর। আর তিন মাসের মাথায় কোয়েল চলে গেলেন বিজেপিতে। 

সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোয়েল মল্লিক বলেন, ‘সবার জন্য কাজ করতে চাই, সবার মঙ্গল কামনা করি।’ এখানে বলে রাখা ভালো-  তৃণমূলে যোগ দিয়েও খানিকটা এই সুরই ছিল তার। এবার কোয়েলকে তার বলা কথাতেই বিঁধলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন শ্রীলেখা মিত্র। সেই পোস্টে এ বর্ষীয়ান অভিনেত্রী লিখেছেন— ‘দেশের সেবা করতে চাই, etc etc… লাইনগুলো বড্ড বস্তাপচা হয়ে গেছে। অন্য কিছু ভাবুন বা স্ক্রিপ্ট রাইটার বদলান’।

কোয়েলকে কটাক্ষ করে পোস্ট করেছেন কিরণ দত্তও। তিনি লিখেছেন, ‘কোয়েল পাখি কখনোই নিজের বাসায় ডিম পাড়ে না। এতে অবাক হওয়ার কি আছে!’