২ কোম্পানির শেয়ারে ঝড়

শেয়ারবাজার

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন বোর্ডে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে রাখা হয়নি। এ খবরের পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানি দুটির শেয়ারে বড় ধরনের উত্থান দেখা গেছে।

ডিএসইর লেনদেনের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ৪৩ মিনিটে বেক্সিমকোর শেয়ারের দাম ৯ দশমিক ৭৬ শতাংশ বা ২ টাকা বেড়ে ২২ টাকা ৫০ পয়সায় দাঁড়ায়। একই সময়ে শাইনপুকুর সিরামিকসের শেয়ারের দাম ৯ দশমিক ৬৩ শতাংশ বা ২ টাকা ১০ পয়সা বেড়ে ২৩ টাকা ৯০ পয়সায় ওঠে।

এ সময় কোম্পানি দুটির শেয়ার দিনের সর্বোচ্চ অনুমোদিত সীমা বা সার্কিট ব্রেকারে পৌঁছে যায়। ফলে স্বয়ংক্রিয়ভাবে শেয়ারগুলোর লেনদেন স্থগিতের প্রক্রিয়া কার্যকর হয়।

বিএসইসি নতুন পরিচালনা পর্ষদের অনুমোদন দেওয়ার পরই শেয়ারবাজারে এ উত্থান দেখা দেয়। এর ফলে বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিনটি কোম্পানির পরিচালনা পর্ষদ থেকেই বাদ পড়লেন সালমান এফ রহমান। এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছিল।

বেক্সিমকো গ্রুপের পক্ষ থেকে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠনের জন্য বিএসইসির কাছে আবেদন করা হয়। দীর্ঘদিনের পরিচালনাগত অচলাবস্থা দূর করা, বিভিন্ন নিয়ন্ত্রক জটিলতার সমাধান এবং কারখানাগুলোতে পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যেই বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।