নিউইয়র্কে এমপি মুস্তাফিজুর রহমান দিপুকে সংবর্ধনা

এমপি দিপু

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে সংবর্ধনা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত রূপগঞ্জবাসী এবং আব্দুল মতিন চৌধুরীর স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র শাখা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ওজন পার্কের বৈঠকখানা পার্টি হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোতাহার হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আব্দুল মতিন চৌধুরী স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্রের সভাপতি মো. বাচ্চু মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি নিয়াজ আহমেদ জুয়েল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক) মাকসুদুল হক চৌধুরী এবং যুক্তরাষ্ট্রস্থ আব্দুল মতিন চৌধুরী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম।

এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির নেতা এ.জে. জাহাঙ্গীর হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মাহবুবুল হক চেয়ারম্যান, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ জহির, লং আইল্যান্ড বিএনপির নেতা সিরাজ প্রমুখ।

এ সময় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জকে বাংলাদেশের একটি আধুনিক, উন্নত ও আদর্শ এলাকায় হিসাবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। এলাকার মানুষের চাহিদা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। রূপগঞ্জে মাদককে কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রবাসীদের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত রূপগঞ্জ প্রবাসীদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও হাইকমিশনের মাধ্যমে পাসপোর্ট-সংক্রান্ত সমস্যার সমাধান এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি ও ভোগান্তি দূর করার বিষয়ে তিনি যথাযথ গুরুত্ব দেবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, বাংলাদেশকে আগামী দিনে একটি শক্তিশালী, সমৃদ্ধশালী ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে তাঁর নেতৃত্বকে আরও শক্তিশালী করতে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর মতো তরুণ ও উদ্যমী সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের যুক্তরাষ্ট্রে বসবাসরত রূপগঞ্জবাসীর পক্ষ থেকে এলাকার উন্নয়ন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা, রূপগঞ্জকে একটি আধুনিক ও সমৃদ্ধশালী উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। আব্দুল মতিন চৌধুরী স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম স্মারকলিপি পাঠ করেন।

এ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বোরহান চৌধুরী, মুনসুর আলী, মোস্তাক আহমেদ, নাজমুল করিম, আলমগীর হোসেন, আবু তাহের, আব্দুর রহমান, মোখলেসুর রহমান, আব্দুল কাউম, খন্দকার আব্দুল আউয়াল, শাওন, আমির হোসেন, ছৈয়দ আহেমদ, আহমেদ আলী ও মোমেনসহ যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুলসংখ্যক রূপগঞ্জবাসী উপস্থিত ছিলেন।