এইচএসসি পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী
- ৩১ অক্টোবর ২০২৬, ১৮:৩৫
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের শিখনপ্রক্রিয়ায় যে ঘাটতি ছিল, তা এবারের ফলাফলে প্রতিফলিত হয়েছে। এসব ঘাটতি চিহ্নিত করে আগামী দিনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গতবারের তুলনায় এবার পাসের হার আরও কমে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, পাসের হার কমে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিখনপদ্ধতিতে ঘাটতি রয়েছে। সবকিছু পর্যালোচনা করে এসব ঘাটতি পুনর্নির্ধারণ করতে হবে। পাশাপাশি, ঘাটতি দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াও তাঁদের দায়িত্ব।
প্রকাশিত ফলাফল নিয়ে উদ্বেগ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ফলাফলে কোনো ত্রুটি রয়েছে কি না, তা পুনর্মূল্যায়নের পর বোঝা যাবে।
ভবিষ্যতে আরও স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চান পরীক্ষার ফলাফল যেন সঠিকভাবে মূল্যায়নের ভিত্তিতে প্রকাশ করা হয়। কোনো শিক্ষার্থীকে যেন অবমূল্যায়ন করা না হয়।
অনুষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।