জোটের বন্ধনে টান, সমঝোতায় সংকট

জামায়াত-এনসিপি

জাতীয় নির্বাচনে আসন সমঝোতা, সংসদে বিরোধী দলের ভূমিকা এবং রাজপথের আন্দোলনে একসঙ্গে পথ চললেও স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্পর্কে বাড়ছে দূরত্ব। বিশেষ করে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে পাল্টাপাল্টি প্রার্থী ঘোষণা এবং নির্বাচনে জোটগত সমঝোতার প্রশ্নে দুই দলের মধ্যে তৈরি হয়েছে প্রকাশ্য মতবিরোধ। জামায়াতের একলা চলো নীতিতে ক্ষুব্ধ এনসিপি এখন জোটের ভেতরে থেকেই নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করার কৌশল নিয়েছে। অন্যদিকে, স্থানীয় নির্বাচনে কোনো দলকে ছাড় না দিয়ে সাংগঠনিক শক্তি যাচাই করতে চায় জামায়াত।

দুই দলের নেতারা অবশ্য এখনই জোট ভাঙার সম্ভাবনা নাকচ করছেন। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বলছে, বিরোধ কেবল নির্বাচনে প্রার্থী দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে জোটে রাজনৈতিক কর্তৃত্ব, নেতৃত্বের অবস্থান, সংসদে বিরোধী দলের ভূমিকা, বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক এবং জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনীতিতে এনসিপির স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠার প্রশ্ন। ফলে ১১ দলীয় ঐক্যে আপাতত ভাঙন না ঘটলেও দুই শরিকের মধ্যে আস্থার সংকট ক্রমেই দৃশ্যমান হচ্ছে।

জোটসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ঢাকার দুই সিটি করপোরেশনের অন্তত একটিতে জামায়াতের সমর্থন চেয়েছিল এনসিপি। এ নিয়ে দুই দলের মধ্যে একাধিক অনানুষ্ঠানিক আলোচনা হয়। কিন্তু জামায়াতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, রাজধানীর কোনো সিটিতেই তারা প্রার্থী প্রত্যাহার করবে না। দলটির সর্বোচ্চ পর্যায়ে আলোচনার পর দুই সিটির প্রার্থীও চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে, এনসিপিও তাদের ঘোষিত প্রার্থীদের নিয়ে নির্বাচনী মাঠে থাকার প্রস্তুতি নিচ্ছে।

ইতিমধ্যেই ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিম উদ্দিনকে চূড়ান্ত ঘোষণা দিয়েছে দলটি। আর দক্ষিণে দলটি প্রার্থী করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আবু সাদিক কায়েমকে। অন্যদিকে উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। ফলে একই জোটের দুই দল রাজধানীর গুরুত্বপূর্ণ দুই নির্বাচনে মুখোমুখি অবস্থানে চলে এসেছে।

এনসিপির নেতাদের মতে, জাতীয় নির্বাচনে একসঙ্গে অংশ নেওয়া এবং সংসদ ও রাজপথে রাজনৈতিক সহযোগিতার পর স্থানীয় নির্বাচনেও সমন্বয় থাকা প্রয়োজন। অন্তত ঢাকার একটি সিটিতে সমঝোতা হলে জোটের রাজনৈতিক শক্তি আরও দৃশ্যমান হতো। কিন্তু জামায়াতের অনড় অবস্থানে সেই সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদিব বলেন, শরিকদের জামায়াত ইচ্ছামতো ব্যবহার করছে। জাতীয় নির্বাচন ও আন্দোলনে একসঙ্গে থাকার পর স্থানীয় নির্বাচনে সমঝোতা না হওয়ায় অসন্তোষ তৈরি হয়েছে। অতীতে বিএনপির সঙ্গে জোটে থাকার সময় জামায়াত ইউনিয়ন পরিষদ পর্যন্ত সমঝোতা করেছিল। এখন কেন ব্যতিক্রম হবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

অন্যদিকে জামায়াতের নেতারা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হয় না। তাই জাতীয় নির্বাচনের মতো কেন্দ্রীয়ভাবে আসন ভাগাভাগির প্রয়োজন নেই।

দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলভিত্তিক নয়, দলীয় প্রতীকও সেখানে থাকবে না। এ বিষয়ে ১১ দলের মধ্যে আগেই আলোচনা হয়েছে। সেখানে সবাই একমত হয়েছেন যে, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীরা আলাদাভাবে অংশ নেবেন।

জোটে অসন্তোষের বিষয়টি নাকচ করে তিনি বলেন, এ বিষয়ে ১১ দলে কোনো টানাপোড়েন নেই। ফেসবুকে কে কী লিখছেন, সেটি তাদের ব্যক্তিগত বিষয়। কারও প্রতি কারও চাপ নেই।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদও একই অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, স্থানীয় নির্বাচনে কেন্দ্রীয়ভাবে জোট করার সিদ্ধান্ত নেই। তবে কোনো জেলা, উপজেলা বা এলাকায় শরিক দলগুলো আলোচনা করে একক প্রার্থী ঠিক করলে কেন্দ্র থেকে বাধা দেওয়া হবে না। অতীতেও বিএনপির সঙ্গে জোটে থাকার সময় স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্রীয়ভাবে আসন ভাগাভাগি হয়নি। স্থানীয় পর্যায়ে সমঝোতার ভিত্তিতেই প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়েছেন।

তবে এনসিপির কাছে বিষয়টি কেবল স্থানীয় নির্বাচন নয়, বরং রাজনৈতিক অস্তিত্ব ও ভবিষ্যৎ বিস্তারের প্রশ্ন। দলটির নেতারা মনে করছেন, জামায়াতের সঙ্গে অতিরিক্ত নির্ভরশীলতা তাদের নিজস্ব পরিচয়কে আড়াল করে ফেলতে পারে। জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল হিসেবে নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করতে চায় এনসিপি। এ জন্য জোটের কর্মসূচিতে অংশগ্রহণ সীমিত রেখে জেলা, মহানগর ও তৃণমূল পর্যায়ে নিজস্ব সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা করছে দলটি।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম জানিয়েছেন, জাতীয় নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট হয়েছিল এবং সংসদে বিরোধী দল হিসেবে দুই দল একসঙ্গে কাজ করছে। সেই জোট চলমান থাকবে। তবে স্থানীয় সরকার নির্বাচনে দুই দল আলাদাভাবে লড়বে। ঢাকা উত্তর ও দক্ষিণে এনসিপির প্রার্থীরা কোনো সমঝোতা বা ছাড় দেওয়ার জন্য নয়, শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন।

জোটের কর্মসূচিতে এনসিপির শীর্ষ নেতাদের অনুপস্থিতিও দুই দলের দূরত্বের বিষয়টি সামনে এনেছে। গত ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ শীর্ষ নেতাদের দেখা যায়নি। এর আগের দিন রাজধানীর শাহবাগে জামায়াতকে ছাড়াই কর্মসূচি পালন করে এনসিপি। সেখানে দলটির নেতারা জামায়াতের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেন।

যদিও এনসিপির নেতারা বলছেন, ব্যস্ততা ও ব্যক্তিগত কারণে কেউ কেউ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, জোট ভাঙছে বা তাঁরা জোট ছাড়ছেন, বিষয়টি এমন নয়। দলের প্রধান ব্যস্ততার কারণে লংমার্চে আসতে পারেননি। নিজেদের কর্মসূচি পালনের পাশাপাশি ১১ দলীয় জোটের সঙ্গেও তাঁরা রয়েছেন।

এদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমও জোট ছাড়ার গুঞ্জন নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, কিছু বিষয়ে মনোমালিন্য থাকলেও ১১ দল থেকে এনসিপি এখনই আলাদা হয়ে যাবে বলে যে ধরনের খবর ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন ইস্যুতে ১১ দলের আন্দোলন আরও শক্তিশালী হচ্ছে।

তবে স্থানীয় নির্বাচন ছাড়াও কয়েকটি রাজনৈতিক ইস্যুতে দুই দলের মধ্যে যে মতপার্থক্য রয়েছে সেটা এখন স্পষ্ট। বিশেষ করে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের পরাজিত প্রার্থীর আচরণ নিয়ে এনসিপির নেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলার পর বিএনপির বিজয়ী প্রার্থীর কাছ থেকে জামায়াতের প্রার্থীর ফুলের মালা ও মিষ্টি গ্রহণকে ভালোভাবে নেয়নি এনসিপি। তাদের মতে, নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার পর বিরোধী দলের প্রার্থীর কাছ থেকে এমন সৌজন্য গ্রহণ রাজনৈতিকভাবে ভুল বার্তা দিয়েছে।

এনসিপির কয়েকজন নেতার মধ্যে বিএনপির সঙ্গে জামায়াতের অতীত সম্পর্ক নিয়েও সন্দেহ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দলটির এক যুগ্ম সদস্যসচিব বলেন, বিএনপি ও জামায়াত দীর্ঘ সময় একসঙ্গে রাজনীতি করেছে। এখন বিপরীতমুখী অবস্থানে থাকলেও তাদের মধ্যে পরোক্ষ বোঝাপড়া রয়েছে কি না, তা একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পোশাকশিল্পের অস্থিরতার মতো ইস্যুতে জামায়াতের অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে। প্রধান বিরোধী দল হিসেবে তারা কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবে, তা নিয়ে এনসিপির ভেতরে উদ্বেগ রয়েছে।

এদিকে জামায়াতের নেতারা এসব অভিযোগকে রাজনৈতিক মতপার্থক্য হিসেবে দেখছেন। দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, একটি রাজনৈতিক জোট বা ঐক্যের প্ল্যাটফর্মে বিভিন্ন দলের ভিন্ন মত ও আলাদা কৌশল থাকতে পারে। মতবিরোধ থাকলেই ঐক্য ভেঙে যায় না। স্থানীয় নির্বাচনে এনসিপি কিছু জায়গায় ছাড় পেতে চায়, সেটি তারা জানে। কিন্তু জোটে আরও দল থাকায় একটি দলকে ছাড় দিলে অন্যরাও একই দাবি তুলবে। তাই সবাই আলাদাভাবে নির্বাচনে অংশ নেওয়ার অবস্থান জানানো হয়েছে। আপাতত ঐক্যে ফাটলের কোনো আশঙ্কা নেই।

জোটের অন্য শরিকদের মধ্যেও স্থানীয় নির্বাচন নিয়ে ভিন্নমত রয়েছে। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ যেসব এলাকায় তাঁদের ভালো প্রার্থী রয়েছে, সেখানে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তবে ১১ দলের পক্ষ থেকে একক প্রার্থী দেওয়া হলে ভালো হতো।

অন্যদিকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, আলাদা নির্বাচনে তাঁদের কোনো অসন্তোষ নেই। তবে এনসিপির আপত্তি থাকতে পারে।

এদিকে হেফাজতে ইসলামের উদ্যোগে কওমি ধারার কয়েকটি ইসলামি দলের নতুন প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগও ১১ দলীয় ঐক্যে নতুন সমীকরণ তৈরি করেছে। বাংলাদেশ খেলাফত মজলিস ও নেজামে ইসলাম পার্টির মতো জামায়াতের জোটের শরিক দলগুলোও এই উদ্যোগের সঙ্গে যুক্ত। তবে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ জানিয়েছেন, নতুন ইসলামি জোটের পক্ষ থেকে ১১ দলীয় ঐক্য ছাড়ার শর্ত দেওয়া হলেও তাঁরা তাতে রাজি হননি। তাঁরা ১১ দলীয় জোটে রয়েছেন। দলটির আমির মাওলানা মামুনুল হকও বলেছেন, কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের ফাঁদে পা না দিয়ে ১১ দলের ঐক্য অটুট রাখা হবে।

সব মিলিয়ে জামায়াত-এনসিপির বর্তমান বিরোধকে তাৎক্ষণিক জোট ভাঙনের চেয়ে রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী দরকষাকষির দ্বন্দ্ব হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। জামায়াত স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নিয়ে নিজেদের সাংগঠনিক শক্তি যাচাই করতে চায়। অন্যদিকে এনসিপি জোটের অংশীদার হয়েও নিজেদের রাজনৈতিক পরিচয়, নেতৃত্ব ও নির্বাচনী সক্ষমতা প্রতিষ্ঠা করতে আগ্রহী।

তবে ঢাকার দুই সিটিতে পাল্টাপাল্টি প্রার্থী নিয়ে শেষ পর্যন্ত কোনো সমঝোতা না হলে এই দূরত্ব আরও বাড়তে পারে। সংসদ ও জাতীয় ইস্যুতে একসঙ্গে থাকলেও স্থানীয় নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার অভিজ্ঞতা ভবিষ্যতে দুই দলের সম্পর্ককে কোন দিকে নিয়ে যায়, সেটিই এখন দেখার বিষয়। আপাতত জোট ভাঙার ঘোষণা নেই, কিন্তু জোটের ভেতরে কে কতটা প্রভাব বিস্তার করবে এবং কে নিজের রাজনৈতিক শক্তি নিয়ে কতটা এগোতে পারবে-সেই প্রতিযোগিতা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।