এমপির বাড়িতে হামলা নিয়ে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তে পুরোনো বাড়িটির দুর্বল বৈদ্যুতিক সংযোগ থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অধিকতর তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তোলা অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

ঘটনার বিবরণ দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটি টিনশেড আধাপাকা ঘরে আগুন লাগে। বাড়িটি সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে অবস্থিত। ঘরটি দীর্ঘদিন ধরে অনেকটা পরিত্যক্ত ও জনশূন্য অবস্থায় ছিল। এর প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে সংসদ সদস্যের বাবা-মা বসবাস করেন।

তিনি জানান, আগুনে ক্ষতিগ্রস্ত টিনশেড ঘরটিতে কেউ বসবাস করতেন না। সেখানে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম, কাপড়চোপড় এবং দুটি ছাগল ছিল। অগ্নিকাণ্ডে ছাগল দুটি মারা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৯৯৯ নম্বরে খবর পাওয়ার পরপরই পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস স্টেশন থেকে গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সীমান্তবর্তী এলাকা হওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল। এ ছাড়া তিনি নিজে কথা বলে বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপারকেও ঘটনাস্থলে পাঠিয়েছেন।

ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা, তা নিশ্চিত হতে বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সংসদে বিজিবির প্রাথমিক প্রতিবেদন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থলের আলামত পরীক্ষা, স্থানীয় বাসিন্দা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিক মূল্যায়ন করা হয়েছে। এতে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনার তথ্য পাওয়া যায়নি। বাড়ির দেয়ালেও পেট্রোল বোমা ব্যবহারের কোনো চিহ্ন মেলেনি। এমনকি কোনো প্রত্যক্ষদর্শীও এ ধরনের ঘটনার কথা জানাননি।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের দেয়ালসহ বিভিন্ন স্থানের ছবি, অডিও ও ভিডিও সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুরোনো বাড়িটির বৈদ্যুতিক সংযোগ দুর্বল থাকায় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। প্রাথমিক তদন্ত প্রতিবেদনেও এমন ইঙ্গিত পাওয়া গেছে। তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। পূর্ণাঙ্গ তদন্ত শেষ হওয়ার পরই প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সালাহউদ্দিন আহমদ জানান, এ ঘটনায় দৌলতপুর থানায় ১২ নভেম্বর ৭০৩ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্তে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।