আদালতে জিয়াউল আহসানের দম্ভোক্তি

আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতে হাতকড়া পরতে আপত্তি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। প্রিজনভ্যান থেকে নামানোর সময় এক পুলিশ সদস্য হাতকড়া পরাতে গেলে তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে।’ পরে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়।

এরপর ট্রাইব্যুনালের এজলাসে নেওয়ার সময় পুলিশ ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে জিয়াউল আহসান বলেন, ‘জয় আমাদের হবেই, কেউ ঠেকাতে পারবে না।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। প্রিজনভ্যান থেকে নামানোর সময় দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে তিনি আপত্তি জানান। এ নিয়ে ভ্যানের ভেতরে কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতকড়া ছাড়াই তাকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

পরে দুপুর ২টার দিকে জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর এজলাসে হাজির করা হয়। এ সময় তার মন্তব্যকে ঘিরে আদালত প্রাঙ্গণে উপস্থিত পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে আলোচনা তৈরি হয়।

২০১৩ সালের ৫ মে রাতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

এদিন দুপুর ২টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয়।

মামলায় মোট আসামি ৪১ জন। তাদের মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি ৩০ জন পলাতক। বৃহস্পতিবার কারাগারে থাকা ১১ আসামিকেই ট্রাইব্যুনালে হাজির করা হয়।

কারাগারে থাকা ১১ আসামি

গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আসামিরা হলেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মণ্ডল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।

পলাতক ৩০ আসামি

মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ এবং গণজাগরণ মঞ্চের সাবেক মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

এ ছাড়া পলাতক আসামিদের তালিকায় রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, তৎকালীন র‍্যাব মহাপরিচালক মো. আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত আইজিপি শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন ও মনিরুল ইসলাম এবং সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার ও সৈয়দ নুরুল ইসলামসহ পুলিশের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

যেভাবে এগিয়েছে মামলার কার্যক্রম

গত ১ নভেম্বর এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য ছিল। তবে গ্রেপ্তার ১১ আসামির একজন, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক অসুস্থতার কারণে সেদিন ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। তার অনুপস্থিতিতে প্রসিকিউশনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পিছিয়ে ১২ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

এর আগে গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। তাদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খোঁজ করেও সন্ধান না পাওয়ার কথা জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দেয়।

পরে ১৬ সেপ্টেম্বর নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করায় ওই ৩০ আসামিকে পলাতক ঘোষণা করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা তুলে ধরা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের বিবরণ রয়েছে।