প্রাথমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নেও সহযোগিতা বাড়াতে চায় এডিবি
- ১২ নভেম্বর ২০২৬, ১৯:২৩
বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও চলমান সংস্কার কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতেও সহায়তা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর ঝাং কিংফেং।
সাক্ষাৎকালে দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম আরও কার্যকর করা, পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) এবং ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে অবকাঠামো নির্মাণ, শিক্ষকদের প্রশিক্ষণ, পাঠ্যক্রম ও শিক্ষক নির্দেশিকা প্রণয়ন, শিক্ষা উপকরণ সরবরাহ এবং বিদ্যালয় উন্নয়ন অনুদানসহ বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে বিনিয়োগ করা হচ্ছে। তবে এসব উদ্যোগের সুফল নিশ্চিত করতে শ্রেণিকক্ষে পাঠদান কতটা কার্যকর হচ্ছে এবং শিক্ষার্থীরা প্রত্যাশিত শিখন দক্ষতা অর্জন করতে পারছে কি না, তা সরাসরি পর্যবেক্ষণ করা প্রয়োজন।
তিনি বলেন, এ কারণে সরকার এখন শ্রেণিকক্ষের বাস্তব পরিস্থিতি, শিক্ষকদের পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের শিখন অগ্রগতির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
পিইডিপি-৫ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, কর্মসূচির কার্যক্রম ও অর্থায়ন আরও সুনির্দিষ্ট, বাস্তবায়নযোগ্য এবং ফলাফলভিত্তিক করতে এটিকে একাধিক পৃথক প্রকল্পে বিভক্ত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ছয়টি পৃথক প্রকল্পের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, পৃথক প্রকল্পের মাধ্যমে উন্নয়ন সহযোগীদের অর্থায়ন, প্রকল্পের কার্যক্রম এবং প্রত্যাশিত ফলাফল আরও স্পষ্টভাবে নির্ধারণ করা সম্ভব হবে। তবে এ প্রক্রিয়ায় বিদ্যমান উন্নয়ন সহযোগিতার আওতায় গৃহীত কার্যক্রম ও প্রতিশ্রুত সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতেও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন ও জীবনব্যাপী শিক্ষার আওতায় আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি উন্নয়ন সহযোগীদের দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন। এডিবিসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর অংশগ্রহণে এ খাতে বৃহৎ পরিসরে প্রকল্প গ্রহণের যথেষ্ট সুযোগ রয়েছে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর ঝাং কিংফেং প্রাথমিক শিক্ষা খাতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নেতৃত্বে চলমান সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের বিষয়টি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি।
ঝাং কিংফেং বলেন, শ্রেণিকক্ষের পাঠদানের মান ও শিক্ষার্থীদের শিখনফল নিশ্চিত করতে প্রতিমন্ত্রীর প্রত্যক্ষ উদ্যোগ এডিবির দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতেও সহায়তার পরিধি বাড়াতে এডিবি আগ্রহী।
সাক্ষাৎকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া এডিবির পরিচালক (মানব ও সামাজিক উন্নয়ন) গি সুন সং, প্রজেক্ট অফিসার ফায়জা আহমেদ, প্রোগ্রামস অফিসার ফারিন ইসলামসহ সংস্থাটির প্রতিনিধিদলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।