জাহাজ নির্মাণ শিল্পে অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করার তাগিদ শিল্পমন্ত্রীর
- ১২ নভেম্বর ২০২৬, ১৯:৩০
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাহাজ নির্মাণ শিল্পে অর্থায়ন, তহবিল দ্রুত ছাড়করণ ও সহায়তা বিষয়ে আয়োজিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, দেশের জাহাজ নির্মাণ শিল্পে উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের সংখ্যা এখনো তুলনামূলক কম। ফলে এ খাতের অর্থায়ন ব্যবস্থা নির্ধারণের ক্ষেত্রে উদ্যোক্তাদের প্রকৃত চাহিদা ও সক্ষমতা বিবেচনায় নিতে হবে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি তহবিল বিতরণের পাশাপাশি নির্ধারিত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমেও অর্থায়নের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
তিনি বলেন, শিল্পটির বিকাশে সহজ অর্থায়নের পাশাপাশি কার্যকর প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। অর্থ ছাড়ের ক্ষেত্রে অযথা বিলম্ব হলে উদ্যোক্তাদের বিনিয়োগ পরিকল্পনা বাধাগ্রস্ত হবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতাও কমে যেতে পারে।
জাহাজ নির্মাণ শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন শিল্পমন্ত্রী। তাঁর মতে, বিশ্বব্যাপী বেসরকারি ব্যবস্থাপনাকে অধিক দক্ষ হিসেবে বিবেচনা করা হলেও দেশের এ শিল্পের বিকাশের অন্তর্বর্তী সময়ে সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা প্রয়োজন। সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, জাহাজ নির্মাণ শিল্পের লক্ষ্য শুধু তাৎক্ষণিক মুনাফা অর্জন হওয়া উচিত নয়। বরং দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন এবং রপ্তানি আয় বাড়ানোর মাধ্যমে এ শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
এ জন্য নতুন উদ্যোক্তা তৈরি, পরবর্তী প্রজন্মকে এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত করা এবং পেশাদার করপোরেট সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগ ও ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে সরকারি-বেসরকারি খাতের মধ্যে কার্যকর সেতুবন্ধ তৈরির আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও শৃঙ্খলাকে কাজে লাগিয়ে বেসরকারি খাতের অংশগ্রহণ আরও জোরদার করতে হবে। এ লক্ষ্যে জাহাজ নির্মাণ শিল্পের উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় শিল্প সচিব আব্দুন নাসের খান, খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আব্দুল লতিফ, শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাহাজ নির্মাণ শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।