ফ্যাসিবাদী অপশক্তির অপতৎপরতা রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে: খেলাফত মজলিস

খেলাফত মজলিস
দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। দলটি বলেছে, পতিত আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তাদের অপতৎপরতা রোধে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতারা এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী। পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

বৈঠকে নেতারা বলেন, দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, এনসিপির নারী সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া এবং জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনা ঘটছে। এ ছাড়া পাহাড়ি জনগোষ্ঠী, সংখ্যালঘু সম্প্রদায় ও গার্মেন্টস শ্রমিকদের একটি ক্ষুদ্র অংশকে বিভ্রান্ত করে দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে।

তাঁরা বলেন, এসব অপতৎপরতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলেও দেশপ্রেমিক জনগণ সজাগ রয়েছে। যত ষড়যন্ত্রই করা হোক না কেন, বাংলাদেশে আর ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না।

বৈঠকে নেতারা পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিচারাধীন মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন এবং দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রায় কার্যকরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।

নেতারা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ ও নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান খেলাফত মজলিসের নেতারা।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক চিকিৎসক রিফাত হোসেন মালিক, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, হাজী নুর হোসেন ও মাওলানা নুরুল হক।