চুয়েটে মৃত্যুর মিছিল
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৬:৩৬ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ০৬:৩৬ PM
মাত্র দুই সপ্তাহের ব্যবধানে তিন শিক্ষার্থীর মৃত্যুর পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের সব পুকুরকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব পুকুরে নামা, সাঁতার কাটা কিংবা যেকোনো ধরনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশ অমান্য করে কেউ পুকুরে প্রবেশ বা পানিতে নামলে তা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী আচরণ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ২৮ জুলাই চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হল-সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা।
এরপর বুধবার (১২ আগস্ট) একই পুকুরে নেমে প্রাণ হারান আরও দুই শিক্ষার্থী। তারা হলেন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের চমক দত্ত এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শান্ত দেব। দুজনই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী ছিলেন।
পরপর এমন মর্মান্তিক দুর্ঘটনায় চুয়েট ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুকুরগুলোতে প্রবেশ নিষিদ্ধ করার পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।