সাবেক ছাত্রলীগ নেতার স্ত্রী-পুত্রের রহস্যজনক মৃত্যু

ছাত্রলীগ
  © সংগৃহীত

পলাতক এক সাবেক ছাত্রলীগ নেতার স্ত্রী ও তার ৯ মাস বয়সী ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙা গ্রামে।

জানা গেছে, বাগেরহাটে নিষিদ্ধঘোষিত এক ছাত্রলীগ নেতার স্ত্রী ও তার ৯ মাস বয়সী ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙা গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ২২ বছর বয়সী মা সুবর্ণা স্বর্ণালীকে ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় এবং তার ৯ মাস বয়সী ছেলে নাজিফকে ঘরের মেঝে থেকে উদ্ধার করা হয়। এটি হত্যা না আত্মহত্যা—সে বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিহত সুবর্ণা স্বর্ণালী নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী। জুয়েল হাসান সাদ্দাম গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাগেরহাটে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলা কারাগারে রয়েছেন।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘শুক্রবার বিকেলে কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙা গ্রামে জুয়েল হাসান সাদ্দামের বাড়িতে তার স্ত্রী ও শিশুপুত্রের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মা সুবর্ণা স্বর্ণালীকে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় এবং শিশুপুত্র নাজিফকে মেঝে থেকে উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনার বিষয়ে এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয়। মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’


মন্তব্য