সীমান্ত ইস্যুতে বিশ্ববাসীর কাছে যে বার্তা পৌঁছানোর কথা বললেন বিরোধী দলীয় নেতা

বিরোধীদলীয় নেতা
  © সংগৃহীত

সীমান্ত ইস্যুতে জাতীয় সংসদ থেকে একটি ঐক্যবদ্ধ বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বলেছেন, যাতে স্পষ্ট হয় দেশের সার্বভৌমত্বের প্রশ্নে পুরো জাতি ঐক্যবদ্ধ। প্রয়োজনে সীমান্তে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষও বুকভরা দেশপ্রেম নিয়ে দাঁড়াবে। বিজিবির হাতে থাকবে অস্ত্র, আর জনগণের হাতে থাকবে দেশপ্রেম। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হবে না।

শুক্রবার (৩ জুলাই) নেত্রকোণা সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে দল-মত নির্বিশেষে সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় স্বার্থের প্রশ্নে বিভেদ নয়, বরং সম্মিলিত উদ্যোগই দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পারে।’

তিনি বলেন, দেশ আমাদের সবার। এক ইঞ্চি জায়গা কেন, একটি বালুকণার ওপরও কাউকে পা রাখতে দেবো না।

সীমান্ত পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, এ বিষয়ে সংসদে আলোচনার জন্য নোটিশ দেওয়া হলেও সরকার তা গ্রহণ করেনি। 

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমির সাদেক আহমদ হারিছ। 

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দ এবং অন্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


মন্তব্য