চট্টগ্রামে সেনা মোতায়েন
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:২৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৬, ১১:২৯ PM
চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের জরুরি অনুরোধে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা বন্যাকবলিত বিভিন্ন এলাকায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।
শুক্রবার (১০ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে প্রায় চার লাখ মানুষ পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় ১০ পদাতিক ডিভিশন দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করেছে।
এছাড়া অতিবৃষ্টির কারণে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতেও ভয়াবহ বন্যা দেখা দেওয়ায় সেখানে ২৪ পদাতিক ডিভিশনের সদস্যদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত করা হয়েছে। সেনাসদস্যরা আটকে পড়া মানুষের জন্য অনুসন্ধান ও উদ্ধার (সার্চ অ্যান্ড রেসকিউ-এসএআর) কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশন বন্যাকবলিত এলাকায় তিনটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে।
আইএসপিআর জানিয়েছে, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের জানমাল রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। দুর্গত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।