বগুড়া সিটি কর্পোরেশনের জন্য রেকর্ড বাজেট ঘোষণা

বগুড়া
  © ফাইল ছবি

নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের জন্য রেকর্ড বাজেট ঘোষণা করা হয়েছে। নাগরিকদের ওপর নতুন কোনো করের বোঝা না বাড়িয়ে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ে তোলার লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭৯৭ টাকার বাজেট ঘোষণা করেছে সিটি কর্পোরেশন। বাজেটে নগর উন্নয়নের জন্য ২৮টি অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

বাজেট উপস্থাপনকালে প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন বলেন, দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করে বগুড়াকে দেশের অন্যতম আধুনিক মহানগর হিসেবে গড়ে তোলাই এ বাজেটের মূল লক্ষ্য।

বাজেটে প্রথমবারের মতো বগুড়া সিটি কর্পোরেশনের জন্য একটি সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়ন, আধুনিক নগর ভবন নির্মাণ, সুবিল খাল ও করতোয়া নদী পুনঃখনন, জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তা, ড্রেন ও ফুটপাত পুনর্নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এছাড়া ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ ও বগুড়া ওয়াসা গঠন, বহুতল ‘সপ্তপদী’ শপিং মল নির্মাণ, সাতমাথাসহ চারটি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ এবং নগরজুড়ে সোলার স্ট্রিট লাইট স্থাপনের পরিকল্পনা রয়েছে।

যানজট নিরসনে লাইসেন্সবিহীন অটোরিকশা নিবন্ধন, গুরুত্বপূর্ণ সড়কে এআই ক্যামেরা স্থাপন, পার্কিং স্ট্যান্ড নির্মাণ এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুর উদ্যোগও বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নগর পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট, পয়ঃবর্জ্য শোধনাগার (এফএসটিপি) স্থাপন এবং কমিউনিটি-ভিত্তিক সংগঠনগুলোকে (সিবিও) আরও সক্রিয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সবুজায়নের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে প্রতি বছর ৫০ হাজার গাছ রোপণ, এডওয়ার্ড পার্ক, শহীদ খোকন পার্ক ও নীলসাগর দীঘির আধুনিকায়ন এবং প্রতিটি ওয়ার্ডে শিশু পার্ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

ডিজিটাল নাগরিকসেবা নিশ্চিত করতে ডি-নথি চালু, সব সেবা অনলাইনে আনা, নিজস্ব ওয়েবসাইট চালু, মশক নিধন কার্যক্রম জোরদার, নারী ও প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং আধুনিক কসাইখানা স্থাপনের উদ্যোগও বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন বলেন, নগরবাসীর সহযোগিতায় বগুড়াকে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও উন্নত মহানগর হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করবে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি গণমাধ্যমসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।


মন্তব্য