উত্তপ্ত হবিগঞ্জ, ১৪৪ ধারা

হবিগঞ্জ
  © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকার নির্ধারিত স্থানে চার বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সংঘর্ষ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জননিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে দলটি কর্মসূচি ঘোষণা করে। একই সময়ে বিএনপিও পৃথক কর্মসূচির ডাক দিলে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।


মন্তব্য