সীতাকুণ্ডে শিপইয়ার্ডে নিহত ৯
- চট্টগ্রাম সংবাদদাতা
- প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৬:২৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৬, ০৬:২৫ PM
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জুনায়েত কাউছার জানান, দুর্ঘটনায় এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজের হাউসকিপিংয়ের কাজ চলাকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হঠাৎ বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে ১৫ থেকে ২০ জন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রথমে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরে আরও কয়েকজনের মৃত্যু হয়।
তবে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ দাবি করেন, হতাহতদের অনেকে শ্রমিক নন, বরং উৎসুক জনতা। তাঁর ভাষ্য, শুক্রবার ইয়ার্ড বন্ধ ছিল। সকাল ১০টার দিকে একটি স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংকে লিকেজ দেখা দিলে স্থানীয় লোকজন তা দেখতে গেলে গ্যাসে আক্রান্ত হন।
ইয়ার্ডের প্রশাসনিক কর্মকর্তা সাইফুজ্জামান জানান, সেখানে কোনো বিস্ফোরণ ঘটেনি। গ্যাস লিক হয়ে বিষক্রিয়ার কারণেই হতাহতের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে অনেকে এটিকে বিস্ফোরণ বলে ধারণা করেছিলেন।
চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগমও বিস্ফোরণের খবর সঠিক নয় বলে জানিয়েছেন।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান বলেন, প্রায় ১০ শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে। বাকিদের সর্বশেষ অবস্থা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গ্যাস নির্গমন নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, সেটিও তদন্ত করা হবে।