বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

গাজীপুর
  © এআই এডিটেড

গাজীপুরে দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় চার শতাধিক শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানার সামনে সড়কে অবস্থান নেন।

একপর্যায়ে শ্রমিকরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং বিভিন্ন স্লোগান দেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

শ্রমিকদের অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কারখানা কর্তৃপক্ষ দুই মাসের বেতন পরিশোধ করেনি। এতে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেক শ্রমিক পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত বকেয়া বেতন পরিশোধ করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

জুলেখা নামে এক শ্রমিক বলেন, ‘বাজারে সবকিছুর দাম বেশি। দুই মাস ধরে কাজ করেও বেতন পাইনি। পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটছে। বেতন পরিশোধ না করা হলে আন্দোলন চালিয়ে যাব।’

আজিমুল ইসলাম নামে আরেক শ্রমিক বলেন, ‘আমাদের বেতন দ্রুত পরিশোধ করতে হবে। তা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা পুলিশ অবস্থান নেয়। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। দুপুর ২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, কারখানার মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। শ্রমিকরা বর্তমানে কারখানার আশপাশে অবস্থান করছেন। তাদের বকেয়া বেতনের দাবি দ্রুত মেটানোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।


মন্তব্য