তরুণীর খাটের নিচ যুবক, অতঃপর...
- লক্ষ্মীপুর সংবাদদাতা
- প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ AM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ AM
লক্ষ্মীপুরের রামগতিতে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে ফয়সাল নামে এক যুবককে খাটের নিচ থেকে ধরে ‘চোর’ অপবাদ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়েছেন ওই যুবক।
গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার চরগাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুরুল্লাহ সমাজ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ফয়সালের বাবা গোলাম মাওলা বাদী হয়ে ওয়ারেছসহ কয়েকজনের নাম উল্লেখ করে রামগতি থানায় লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল্লাহ সমাজ এলাকার গোলাম মাওলার ছেলে ফয়সালের সঙ্গে স্থানীয় এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার রাতে ওই তরুণীর সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান ফয়সাল। এ সময় তরুণীর পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন তাকে ঘরের খাটের নিচ থেকে আটক করেন। পরে তাকে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ স্বজনদের। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
ফয়সালের বাবা গোলাম মাওলা অভিযোগ করেন, ছেলেকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তার কাছে এক লাখ টাকা দাবি করা হয়েছিল। পরে স্থানীয়দের চাপের মুখে অভিযুক্তরা ফয়সালকে ইউপি সদস্য ফরিদ মেম্বারের জিম্মায় দিয়ে যান।
ইউপি সদস্য ফরিদ মেম্বার বলেন, ফয়সালকে আটকের খবর পেয়ে তাকে তার কাছে নিয়ে আসা হয়। পরে তিনি তাকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। বিষয়টি সামাজিকভাবে বসে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযুক্ত ওয়ারেছ বলেন, ফয়সাল তার বোনের ঘরের খাটের নিচে লুকিয়ে ছিলেন। সেখান থেকে তাকে আটক করা হয়। পরে স্থানীয় কয়েকজন যুবক তাকে মারধরের চেষ্টা করলে তিনি কয়েকজনের সহায়তায় ফয়সালকে তাদের হাত থেকে উদ্ধার করে ইউপি সদস্যের জিম্মায় দেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।